বিনোদন

ব্রেন টিউমারে আক্রান্ত চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, চিকিৎসা চলছে লন্ডনে


বিনোদন ডেস্ক
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৫, ০৭:৩৫ পিএম

ব্রেন টিউমারে আক্রান্ত চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, চিকিৎসা চলছে লন্ডনে
চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। ছবি: সংগৃহীত

নিরাপদ সড়ক আন্দোলনের পুরোধা ও জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে বর্তমানে লন্ডনে চিকিৎসাধীন রয়েছেন। গত ছয় মাস ধরে তিনি লন্ডনের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে মিরাজুল মইন জয়। বুধবার (১ অক্টোবর) ‘নিরাপদ সড়ক চাই (নিসচা)’ আয়োজিত এক সংবাদ সম্মেলনে কানাডা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বাবার শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানান।

জয় বলেন, “আমার বাবা চলতি বছরের শুরু থেকেই নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। প্রায়ই কথা আটকে যেত, ভুলে যেতেন অনেক কিছু। এসব সমস্যার কারণে ৯ এপ্রিল তাকে ঢাকার ধানমন্ডির আনোয়ার খান মডার্ন হাসপাতালে নেওয়া হয়। সেখানে দীর্ঘ ৬ ঘণ্টার বিভিন্ন পরীক্ষার পর তার ব্রেনের এমআরআই করা হয়।”

elias_kanchan1_Dhakaprokash.jpg

এমআরআই রিপোর্টে ধরা পড়ে, ইলিয়াস কাঞ্চনের মস্তিষ্কে টিউমার রয়েছে। এরপর ১৩ এপ্রিল তাকে আগারগাঁওয়ের জাতীয় নিউরোসায়েন্স ইনস্টিটিউটে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা জানান, টিউমারটি ব্রেনের গভীরে, অত্যন্ত গুরুত্বপূর্ণ নার্ভের সংযোগস্থলে অবস্থিত। ফলে অপারেশন অত্যন্ত ঝুঁকিপূর্ণ হতে পারে।

চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, পরিবার লন্ডনে উন্নত চিকিৎসার সিদ্ধান্ত নেয়। গত ২৬ এপ্রিল ইলিয়াস কাঞ্চন লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়েন।

লন্ডনে পৌঁছে পরদিনই তাকে হার্লি স্ট্রিট ক্লিনিকে ভর্তি করা হয়। কয়েক মাস ধরে চলা নানা পরীক্ষা-নিরীক্ষার পর গত ৫ আগস্ট লন্ডনের উইলিংটন হাসপাতালে প্রখ্যাত নিউরোসার্জন প্রফেসর ডিমিট্রিয়াসের নেতৃত্বে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়।

অপারেশনের আগে চিকিৎসকরা জানান, পুরো টিউমার অপসারণ করা সম্ভব নয়। পুরোটা সরালে তার জীবন ঝুঁকিতে পড়তে পারে বা প্যারালাইসিসসহ কথা বলা ও চলাফেরার সক্ষমতা হারানোর আশঙ্কা রয়েছে। তাই টিউমারের কিছু অংশ অপসারণ করা হয়। অবশিষ্ট অংশের চিকিৎসায় রেডিয়েশন ও কেমোথেরাপি দেওয়া হবে।

জানা গেছে, একটানা ছয় সপ্তাহ, সপ্তাহে পাঁচ দিন করে মোট ৩০ দিন রেডিয়েশন ও কেমোথেরাপি চলবে। এরপর চার সপ্তাহ তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকবেন।