বিনোদন
‘খান’ পদবী পাল্টে ফেললেন রোজা, প্রোফাইল থেকে মুছলেন তাহসানের সব ছবি
চলতি বছরের শুরুতে হঠাৎ বিয়ের ঘোষণায় বিনোদন জগতে চমক তৈরি করেছিলেন জনপ্রিয় গায়ক-অভিনেতা তাহসান রহমান খান। যুক্তরাষ্ট্রপ্রবাসী মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে তার বিয়ে তখন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। টানা কয়েক দিন ট্রেন্ডিংয়ে ছিল তাহসানের ব্যক্তিগত জীবনের এই নতুন অধ্যায়। তবে এক বছরের মধ্যেই সেই সম্পর্কের পরিসমাপ্তি ঘটেছে।
সম্প্রতি তাহসান নিজেই জানান, রোজা আহমেদের সঙ্গে তার দাম্পত্য সম্পর্ক আর টিকে নেই এবং তারা এখন আলাদা জীবনযাপন করছেন। এই ঘোষণার পর ভক্তদের মধ্যে তৈরি হয় বিস্ময় ও হতাশা। যদিও তখনো অনেকেই মনে করছিলেন, হয়তো সম্পর্ক পুরোপুরি শেষ হয়নি- কারণ রোজার সামাজিক যোগাযোগমাধ্যমে তখনো তাহসানের সঙ্গে তোলা একাধিক ছবি ছিল।

একসময় রোজার ইনস্টাগ্রাম প্রোফাইলে তাদের একসঙ্গে কাটানো নানা মুহূর্তের ছবি দেখা যেত। শুধু তাই নয়, নিজের নামের সঙ্গেও ‘খান’ পদবি যুক্ত রেখেছিলেন তিনি। এসব বিষয় দেখে অনেকে ধারণা করেছিলেন, বিচ্ছেদের পরও দুজনের মধ্যে কিছুটা যোগাযোগ বা আবেগ রয়ে গেছে।
তবে এবার সেই সব জল্পনার অবসান ঘটালেন রোজা নিজেই। সম্প্রতি তিনি তার সামাজিক যোগাযোগমাধ্যম থেকে তাহসানের সব ছবি মুছে ফেলেছেন। পাশাপাশি নিজের নাম থেকেও বাদ দিয়েছেন ‘খান’ পদবি। আগে যেখানে তার নাম ছিল ‘রোজা আহমেদ খান’, এখন সেখানে শুধুই রোজা আহমেদ লেখা দেখা যাচ্ছে। পুরো প্রোফাইলে আর তাহসানের কোনো চিহ্ন নেই।

উল্লেখ্য, ২০২৫ সালের ৪ জানুয়ারি মাত্র চার মাসের পরিচয়ের পর বিবাহবন্ধনে আবদ্ধ হন তাহসান রহমান খান ও রোজা আহমেদ। রোজা পেশায় একজন মেকআপ আর্টিস্ট। তিনি এক দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ নিয়ে কাজ করছেন এবং নিউইয়র্কে তার নিজস্ব প্রতিষ্ঠান রয়েছে।
এর আগে ২০০৬ সালের ৩ আগস্ট অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলার সঙ্গে তাহসানের বিয়ে হয়। প্রায় ১১ বছরের সেই দাম্পত্য জীবনের ইতি ঘটে ২০১৭ সালে। ওই সংসারে তাহসানের একমাত্র কন্যা আইরা তাহরিম খান রয়েছে।