বিনোদন

ওমরা পালনে সৌদি আরবে অভিনেত্রী মারিয়া মিম


বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৬, ০৭:০৬ পিএম

ওমরা পালনে সৌদি আরবে অভিনেত্রী মারিয়া মিম
মডেল ও অভিনেত্রী মারিয়া মিম। ছবি: সংগৃহীত

মডেল ও অভিনেত্রী মারিয়া মিম ওমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরবে পৌঁছেছেন। বাংলাদেশি বংশোদ্ভূত স্পেনের নাগরিক এই অভিনেত্রী নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।

শনিবার (২৪ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি সৌদি আরবে অবস্থানের কথা জানান।

ফেসবুকে শেয়ার করা পোস্টে মারিয়া মিম লেখেন, “আলহামদুলিল্লাহ, সর্বোত্তম দাওয়াত এসে পৌঁছেছে। আল্লাহ আমাকে তার ঘরে ডেকেছেন।” পোস্টটির সঙ্গে তিনি #উমরাহ২০২৬ এবং #লাব্বাইকাল্লাহুম্মালব্বাই হ্যাশট্যাগ ব্যবহার করেন। তার এই পোস্ট প্রকাশের পরপরই ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা দোয়া ও শুভেচ্ছা জানিয়েছে।

mariaaa-mim-20250506114903-2505070257.jpg

বাংলাদেশের শোবিজ অঙ্গনে পরিচিত মুখ হলেও মারিয়া মিম বর্তমানে স্পেনের নাগরিক। ব্যক্তিজীবনে তিনি অভিনেতা সিদ্দিকুর রহমানের প্রাক্তন স্ত্রী। ২০১২ সালের ২৪ মে তাদের বিয়ে হয় এবং এক বছর পর জন্ম নেয় তাদের একমাত্র সন্তান আরশ হোসেন। দাম্পত্য জীবনের জটিলতার কারণে ২০১৯ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়।

বিচ্ছেদের পর থেকে মারিয়া মিম একাই জীবনযাপন করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ব্যক্তিজীবনের নানা মুহূর্ত নিয়মিত শেয়ার করে থাকেন, যা নিয়ে প্রায়ই আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়। তবে এসব বিষয়ে তিনি সবসময় নিজের অবস্থানে অনড় থেকেছেন এবং ব্যক্তিস্বাধীনতাকে গুরুত্ব দিয়েছেন।

এমন প্রেক্ষাপটে তার ওমরা পালনের সিদ্ধান্ত অনেকের কাছেই ইতিবাচক ও ব্যতিক্রমী বার্তা হিসেবে দেখা হচ্ছে। শোবিজ অঙ্গনের একজন পরিচিত মুখের এই ধর্মীয় সফর ভক্তদের দৃষ্টি আকর্ষণ করেছে এবং মন্তব্যের ঘরে অনেকেই তার জন্য দোয়া ও শুভকামনা জানিয়েছেন।