বিনোদন
প্রতারণা মামলায় আদালতে আত্মসমর্পণের পর চিত্রনায়িকা ববির জামিন
প্রতারণা মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। বুধবার (১৫ জুলাই) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন তিনি।
শুনানিতে তার পক্ষে ঢাকা বারের সভাপতি অ্যাডভোকেট আনোয়ার জাহিদ ভূঁইয়া অংশ নেন। শুনানি শেষে আদালত এক হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন। প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক মোক্তার এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গত ১২ জুলাই ইটুই সলিউশনস লিমিটেডের সিনিয়র ম্যানেজার মেহেদি আলম প্রিন্স গুলশান থানায় ববিসহ চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
অন্য আসামিরা হলেন- বিটিএলের ব্যবস্থাপনা পরিচালক মির্জা আবুল বাশার, ডেপুটি জেনারেল ম্যানেজার আব্দুল আহাদ মিয়া এবং অ্যাডমিন কর্মকর্তা সোহেল রানা।
মামলার অভিযোগে বলা হয়, গত বছরের ১২ নভেম্বর বিকেলে আবুল বাশার ইটুই সলিউশনস লিমিটেডের সঙ্গে যোগাযোগ করে তাদের প্রতিষ্ঠানের জন্য লিথিয়াম আয়রন ব্যাটারি সরবরাহের অনুরোধ করেন। এরপর ২০ নভেম্বর গুলশানের বিটিএল কার্যালয়ে পাঁচটি ৬৪ ভোল্টের ১৭০ অ্যাম্পিয়ারের ব্যাটারি সরবরাহ করা হয়, যার মোট মূল্য ছয় লাখ ৭২ হাজার ৯৫৪ টাকা।
অভিযোগ অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে ব্যাটারির মূল্য পরিশোধ না করে আসামিরা টালবাহানা করতে থাকেন। পরে গত ১১ জানুয়ারি বেলা ১১টার দিকে পাওনা টাকা চাইতে গেলে তারা পরিশোধে অস্বীকৃতি জানান এবং হুমকি দিয়ে অফিস থেকে বের করে দেন। পরিকল্পিতভাবে ব্যাটারির ছয় লাখ ৭২ হাজার ৯৫৪ টাকা আত্মসাৎ করা হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।