বিনোদন
দেশে ফিরেই হামলাকারীদের উদ্দেশে কড়া বার্তা দিলেন বাঁধন
ইতালির ভেনিস থেকে দেশে ফিরেই আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনীতি নিয়ে কড়া বার্তা দিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। একই সঙ্গে সাম্প্রতিক সময়ে হামলা ও হেনস্তার শিকার হওয়ার ঘটনাও তুলে ধরেছেন তিনি।
সোমবার, ১৪ সেপ্টেম্বর দেশে ফেরার পর বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আওয়ামী লীগ নেতাদের উদ্দেশে বাঁধন বলেন, দলটির কার্যক্রম সাময়িকভাবে নিষিদ্ধ হলেও ভবিষ্যতে তারা আবার রাজনীতিতে ফিরবে। তাই এমন কোনো রাজনৈতিক রূপরেখা তৈরি করা উচিত নয়, যার কারণে ভবিষ্যতে দলটির নেতাদের লজ্জিত হতে হয়।
বাঁধন বলেন, বড় দলের নেতাদের প্রতি তার একটাই অনুরোধ। সাময়িকভাবে কার্যক্রম নিষিদ্ধ থাকলেও ভবিষ্যতে আওয়ামী লীগ রাজনীতি করবে। তাই ভবিষ্যতের রাজনীতির জন্য এমন কোনো রূপরেখা তৈরি করা উচিত নয়, যার কারণে পরে তাদের লজ্জিত হতে হয়।
এ সময় বিমানবন্দরে বাঁধনের বাবা প্রকৌশলী আমিনুল হক উপস্থিত ছিলেন।
এর আগে গত সপ্তাহে ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার প্রদর্শনীতে অংশ নিতে ইতালি যান বাঁধন। সিনেমাটি উৎসবের স্বাধীন চলচ্চিত্র সমালোচকদের দেওয়া প্রেমীও বিসাতো দ’ওরো পুরস্কার অর্জন করে।
৬ সেপ্টেম্বর সালা দারসেনা থিয়েটারে সিনেমাটির বিশ্ব প্রদর্শনী অনুষ্ঠিত হয়। প্রদর্শনী শেষে পরিবারের সদস্যদের নিয়ে বাইরে বের হওয়ার পর হামলা ও হেনস্তার শিকার হওয়ার অভিযোগ করেন বাঁধন।
তার দাবি, তাকে পানি, কোমলপানীয় ও ডিম ছুড়ে মারা হয়। একপর্যায়ে শারীরিকভাবে লাঞ্ছিত করার পাশাপাশি তার হাত থেকে মুঠোফোনও ফেলে দেওয়া হয়। ওই সময় তার ভাইয়ের স্ত্রী ও তিন বছরের শিশুসন্তানও সঙ্গে ছিলেন।
ঘটনার পর দেশের অনেক শিল্পী ও সংস্কৃতিকর্মী বাঁধনের পাশে দাঁড়ান। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ ঘটনার প্রতিবাদ জানিয়ে তার প্রতি সমর্থন প্রকাশ করেন অনেকে।