বিনোদন

আমি 'বরবাদ'-এর মতো সিনেমা করতে চাই: তৌসিফ মাহবুব


বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৫, ০৫:৫৪ পিএম

আমি 'বরবাদ'-এর মতো সিনেমা করতে চাই: তৌসিফ মাহবুব
তৌসিফ মাহবুব। ছবি: সংগৃহীত

ছোটবেলা থেকেই সিনেমার প্রতি ভালোবাসা, কিন্তু এখনো বড় পর্দায় নাম লেখাননি অভিনেতা তৌসিফ মাহবুব। নাটকে নিজের অবস্থান পাকা করলেও সিনেমার প্রতি সেই পুরনো টান এখনও রয়ে গেছে বলে জানালেন এই তারকা।

শনিবার (১৭ আগস্ট) নিজের আসন্ন নাটক ‘খোয়াবনামা’ নিয়ে এক আলোচনায় অংশ নিয়ে সিনেমা, সমাজ ও বর্তমান পরিস্থিতি নিয়ে খোলামেলা কথা বলেন তিনি।

tousif mahbub1_Dhakaprokash.jpg

সিনেমার প্রসঙ্গে তৌসিফ বলেন, “সিনেমায় এখনো আসা হয়নি, কিন্তু স্কুলজীবন থেকেই সিনেমার পোকা মাথায় ছিল। দেরিতে হলেও আমি সিনেমায় আসব।”

তিনি জানান, একধরনের নয়—বিভিন্ন ঘরানার চলচ্চিত্রেই তিনি কাজ করতে চান। “আমি 'বরবাদ'-এর মতো সিনেমা করতে চাই, আবার 'জংলি', 'দাগির'-এর মতো সিনেমাও করতে চাই। এমনকি ‘উৎসস’-এর মতো কনটেন্ট-ড্রিভেন ছবিতেও কাজ করার ইচ্ছা আছে।”

৫ আগস্টের পর ‘বাকস্বাধীনতা ফিরে এসেছে’—এমন দাবি করেছেন সাধারণ মানুষ। তবে এই পরিবর্তনকে মিশ্র দৃষ্টিতে দেখছেন তৌসিফ। “সোশ্যাল মিডিয়ায় মন খুলে কথা বলার সুযোগ ভালো দিক। কিন্তু একই সঙ্গে গালিগালাজ, নেগেটিভিটিও বেড়েছে। মানুষের মধ্যে অস্থিরতা কাজ করছে। এটা তো আমরা চাইনি।”

tousif mahbub2_Dhakaprokash.jpg

তিনি বলেন, “বাকস্বাধীনতা মানে কাউকে অপমান করা না। আমি বিশ্বাস করি, আল্লাহর ওপর ভরসা রাখতে হবে। একদিন হয়তো মানুষ আলোকিত হবে, এই নেতিবাচকতা কাটিয়ে উঠবে।”

সবশেষে সমাজ ও দেশের প্রতি নিজের ভালোবাসার কথা জানিয়ে তৌসিফ বলেন, “আমি এমন একটি দেশ চাই, যেখানে মানুষ সহজ-সরল হবে, কেউ কাউকে বিপদে ফেলবে না। সবাই সহযোগিতাপূর্ণ মানসিকতা নিয়ে চলবে। যেমন এক সময় ছাত্ররা নিজেরা ট্রাফিক কন্ট্রোল করেছে—সবার মধ্যে এমন নিষ্পাপ মনোভাব থাকুক।”

ভিকি জাহেদ পরিচালিত ‘খোয়াবনামা’ নাটকটি মুক্তি পাচ্ছে আগামী ২৮ আগস্ট, ক্যাপিটাল ড্রামা ইউটিউব চ্যানেলে। নাটকটিতে তৌসিফের বিপরীতে অভিনয় করেছেন তানজিন তিশা।