বিনোদন

ডিপজলের জমি জোরপূর্বক দখলের অভিযোগ


বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৫, ০৪:১৯ পিএম

ডিপজলের জমি জোরপূর্বক দখলের অভিযোগ
মনোয়ার হোসেন ডিপজল । ছবি: সংগৃহীত

চলচ্চিত্র অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজলের কল্যাণপুরস্থ জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে। তার জমিতে তিনি নাভানা সিএনজি কনভার্শন সেন্টার নামে একটি প্রতিষ্ঠানকে ভাড়া দিয়েছেন। 

গত ৩০ জুলাই আজিজুর রহমান টাইগার, দিলশাদ, সাইদুর রহমান এবং অজ্ঞাতনামা আরও ১০-১৫ জন ব্যক্তি নাভানা সিএনজি-তে জোরপূর্বক প্রবেশ করে প্রতিষ্ঠানটি সাইনবোর্ড ভেঙে ফেলে এবং তাদের নিজস্ব সাইনবোর্ড স্থাপন করার চেষ্টা চালায় বলে অভিযোগ ডিপজলের পক্ষ থেকে তার ম্যানেজার মো. আব্দুল গণি জানান।

এ নিয়ে গত ৩০ জুলাই তিনি দারুস সালাম থানায় একটি জিডি করেছেন। এদিকে, ডিপজল গত ৪ আগস্ট ঐদিনের একটি ভিডিও ও জিডির কপি তার ভেরিফায়েড ফেসবুকে পোস্ট করে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে লিখেছেন, আমরা অত্যন্ত দুঃখ ও উদ্বেগের সঙ্গে জানাচ্ছি যে, আজিজুর রহমান টাইগার, দিলশাদ, সাইদুর রহমান এবং অজ্ঞাতনামা আরও ১০-১৫ জন ব্যক্তি আমাদের ভাড়াকৃত প্রতিষ্ঠান নাভানা সিএনজি-তে জোরপূর্বক প্রবেশ করে আমাদের স্থাপিত সাইনবোর্ড ভেঙে ফেলে এবং তাদের নিজস্ব সাইনবোর্ড স্থাপন করার অপচেষ্টা চালায়।

dhakaprokash - depjol 1.jpg
মনোয়ার হোসেন ডিপজল । ছবি: সংগৃহীত

এ সময় তারা আমাদের কর্মচারীদেরকে মারধর করে ভয়ভীতি প্রদর্শন এবং হুমকি প্রদান করে। তাদের এই কার্যক্রম সম্পূর্ণভাবে বেআইনি, জবরদখলমূলক এবং আমাদের শান্তিপূর্ণ ব্যবসা পরিচালনায় গুরুতর বিঘ্ন সৃষ্টি করেছে। আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি যে, অবিলম্বে এ ধরনের জোরপূর্বক অবৈধ দখল প্রচেষ্টা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হোক। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক। আমরা আইন ও প্রশাসনের প্রতি আস্থা রাখি এবং আশাবাদী যে, ন্যায়বিচার নিশ্চিত করা হবে।

এদিকে, চলচ্চিত্রাঙ্গণের শিল্পী, নির্মাতা, প্রযোজক ও কলাকুশলীরা বলেছেন, গত কয়েক মাস ধরে একটি চক্র ডিপজলকে মামলা-মোকদ্দমা দিয়ে নানাভাবে হয়রানি করছে। ডিপজল বর্তমানে বাংলাদেশ চলচ্চিত্র সমিতির সাধারণ সম্পাদক। 

নাম প্রকাশে অনিচ্ছুক, চলচ্চিত্র পরিচালক সমিতির একজন প্রবীণ সদস্য বলেন, সিনেমার উন্নয়নে এবং গতিশীল রাখতে ডিপজল সবসময়ই উদ্যোগ নিয়ে থাকেন। একের পর এক সিনেমা নির্মাণ করেন। এতে চলচ্চিত্রাঙ্গণের শিল্পী-কলাকুশলীসহ টেকনিশিয়ানদের উপার্জনের ব্যবস্থা হয়। এমতাবস্থায়, তাকে হয়রানি করার জন্য একটি চক্র উঠেপড়ে লেগেছে। তার জমি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করে জোরপূর্বক দখলের অপচেষ্টা করছে। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা সরকারের কাছে অনুরোধ করছি, যে চক্র তাকে হয়রানি করছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে ডিপজলকে হয়রানি করা থেকে মুক্ত করা হোক।