বিনোদন

দিল্লিতে পার্কিং বিরোধে খুন অভিনেত্রী হুমা কুরেশির ভাই


বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৮ আগস্ট ২০২৫, ০৯:৫৮ পিএম

দিল্লিতে পার্কিং বিরোধে খুন অভিনেত্রী হুমা কুরেশির ভাই
বলিউড অভিনেত্রী হুমা কুরেশি ও তার চাচাতো ভাই আসিফ কুরেশি। ছবি: সংগৃহীত

বলিউড অভিনেত্রী হুমা কুরেশির চাচাতো ভাই আসিফ কুরেশি (৪২) দিল্লিতে গাড়ি পার্কিং নিয়ে বিরোধের জেরে খুন হয়েছেন।

বৃহস্পতিবার (৭ আগস্ট) গভীর রাতে দিল্লির নিজামুদ্দিন এলাকার জঙ্গপুরা ভোগাল বাজার লেনে এ ঘটনা ঘটে, যা এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। পুলিশ ইতোমধ্যে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে এবং তাদের কাছ থেকে খুনে ব্যবহৃত ধারালো অস্ত্র উদ্ধার করেছে।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে আসিফের বাড়ির সামনে পার্কিং নিয়ে প্রতিবেশীদের সঙ্গে বাগবিতণ্ডা শুরু হয়। প্রথমে এটি সামান্য বাকবিতণ্ডা থাকলেও মুহূর্তেই তা মারাত্মক রূপ নেয়। একপর্যায়ে অভিযুক্তরা ধারালো অস্ত্র দিয়ে আসিফের ওপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

নিহতের স্ত্রী জানান, “আমার স্বামী কাজ থেকে ফিরে দেখেন, বাড়ির সামনে প্রতিবেশীর স্কুটার রাখা আছে। সরাতে বললে কথা কাটাকাটি শুরু হয় এবং এক পর্যায়ে প্রতিবেশী ধারালো অস্ত্র দিয়ে আমার স্বামীকে আঘাত করেন।” পরিবারের দাবি, এর আগেও একই কারণে অভিযুক্তদের সঙ্গে তাদের বিরোধ হয়েছে, তবে এত ভয়ংকর পর্যায়ে তা কখনো যায়নি।

 

1-kusdil-Dhaka Prokah News-08-08-2025.jpg
বলিউড অভিনেত্রী হুমা কুরেশি ও তার চাচাতো ভাই আসিফ কুরেশি। ছবি: সংগৃহীত

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত দুই অভিযুক্তকে শুক্রবার (৮ আগস্ট) আদালতে তোলা হবে। ঘটনার সত্যতা উদঘাটনে আশেপাশের বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।