বিনোদন
যৌন হেনস্তার শিকার অভিনেত্রী মৌনী
ভারতের হরিয়ানায় কর্নলে একটি অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে প্রকাশ্যেই যৌন হেনস্তার শিকার হয়েছেন বলিউড অভিনেত্রী মৌনী রায়।
ইনস্টাগ্রামে নিজের অভিজ্ঞতা শেয়ার করে অভিনেত্রী জানান, তিনি মঞ্চের দিকে যাওয়ার সময়ে বেশ কয়েকজন লোক ছবি তোলার অজুহাতে তার কোমর স্পর্শ করেছিলেন।
পোস্টে মৌনী লেখেন, ‘গতকাল কর্নলে একটি অনুষ্ঠানে গিয়েছিলাম। সেখানকার অতিথিদের আচরণে আমি অত্যন্ত হতাশ। বিশেষ করে আমার দাদার বয়সী দুই চাচাকে দেখে আমি ভীষণ অবাক।’
‘অনুষ্ঠান শুরু হওয়ার আগে আমি মঞ্চের দিকে এগিয়ে যাওয়ার সময়ে ওই দুই চাচা এবং তাদের পরিবারের সব পুরুষ আমার কোমরে হাত রেখে ছবি তোলেন। বাধ্য হয়েই বলি, ‘স্যার, দয়া করে আপনার হাত সরান। যদিও তারা বিষয়টি মোটেও ভালোভাবে নেননি।’
মৌনী আরও বলেন, ‘মঞ্চের ব্যাপারটা আরো ভয়ংকর। দুই চাচা আমার সামনে দাঁড়িয়ে অশ্লীল মন্তব্য, অঙ্গভঙ্গি এবং গালাগাল করতে থাকেন। আমি বিষয়টা বুঝতে পেরে প্রথমে ভদ্র ভাবে এ রকম না করার অনুরোধ জানাই। যার ফলে তারা আমার দিকে গোলাপ ছুড়ে মারতে শুরু করেন। একটা সময়ে আমি মঞ্চ ছেড়ে বেরিয়ে যাব ভেবেছিলাম। কিন্তু তার পরেও নিজের কাজটা সম্পন্ন করি। এর পরেও তারা থামেননি।’
উল্লেখ্য, মৌনী রায় মূলত ছোট পর্দা থেকে ক্যারিয়ার শুরু করে বলিউডে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন। তার এই অভিযোগটি বর্তমানে নেট দুনিয়ায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং নারী নিরাপত্তার বিষয়টি আবারও সামনে এনেছে।