বিনোদন
শাকিব খানের নায়িকা কে? মিথিলা না সাবিলা নূর
ঈদ মানেই শাকিব খানের সিনেমা। প্রতি ঈদেই নতুন সিনেমা নিয়ে দর্শকের সামনে হাজির হন এই নায়ক। আগামী বছরও এর ব্যতিক্রম হচ্ছে না। গেল বছরের শেষের দিকে এ বছরের আগামী রোজার ঈদের সিনেমার ঘোষণা দেওয়া হয়েছিল। ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’ নামে সিনেমাটি বানাবেন আবু হায়াত মাহমুদ। এরপর আসে পরের ঈদ তথা ঈদুল আজহার সিনেমার খবর। নাম রকস্টার। শাকিবের নতুন এই সিনেমাটি তৈরি হবে রোমান্টিক গল্পে। বানাবেন আজমান রুশো। নির্মাতার প্রথম সিনেমা। এর আগে বেশ কিছু বিজ্ঞাপন বানিয়ে হাত পাকিয়েছেন এই নির্মাতা। এবার বড় পর্দায় নিজেকে প্রমাণের পালা তাঁর।
জানা যায়, একজন রকস্টারের জীবনের উত্থান-পতনের গল্প নিয়ে তৈরি হবে নতুন সিনেমাটি। যেখানে থাকবে ভালোবাসার অন্য এক অধ্যায়। তবে এখনও চূড়ান্ত হয়নি সিনেমার নাম। সিনেমাটি নির্মিত হবে প্রযোজনা প্রতিষ্ঠান সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেডের ব্যানারে।
নতুন তথ্য হচ্ছে, এই সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করবেন মিস ইউনিভার্স বাংলাদেশ হিসেবে পরিচিতি পাওয়া তানজিয়া জামান মিথিলা। ইতোমধ্যে মিথিলা জানিয়েছেন তিনি একটি সিনেমায় চূড়ান্ত হয়েছেন। যদিও তিনি সিনেমার নাম উল্লেখ করেননি। তবে খোঁজ নিয়ে জানা যায় রকস্টারেই নায়িকা থাকছেন তিনি।
এদিকে মিথিলা একাই নন, আরও একজন নায়িকা থাকার কথা রয়েছে সিনেমাটিতে। তবে গুঞ্জন উঠেছে পাকিস্তানি তারকাকে নেওয়ার সম্ভাবনা রয়েছে এতে। তবে সূত্র জানায়, আরেক নায়িকা পাকিস্তানি নন, বাংলাদেশ থেকেই নেওয়া হয়েছে। ইতোমধ্যে চূড়ান্তও হয়েছে। তিনি সাবিলা নূর। সবকিছু ঠিকঠাক থাকলে আবারও শাকিবের বিপরীতে তাঁকে দেখা যাবে’।
এর আগে, শাকিব খানের বিপরীতে তাণ্ডব সিনেমা দিয়ে যার বড় পর্দায় অভিষেক হয়। তবে এ বিষয়ে প্রযোজনা প্রতিষ্ঠান এবং অভিনেত্রীর মুখ থেকে কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি।
নতুন এই সিনেমা নিয়ে জানতে যোগাযোগ করা হয়েছিল নির্মাতা আজমান রুশোর সঙ্গে। তিনি এ বিষয়ে কোনো তথ্য দিতে চাননি। শুধু জানিয়েছেন, নায়িকা নিয়ে এখনই কিছু বলা যাচ্ছে না, নায়িকার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করব। চূড়ান্ত হওয়ার আগে মন্তব্য করা ঠিক হবে না।
উল্লেখ্য, শাকিব খান কিছুদিন আগে ব্যস্ত ছিলেন ‘সোলজার’ সিনেমার শুটিং নিয়ে। এটি বানাচ্ছেন সাকিব ফাহাদ। এই নির্মাতারও এটি প্রথম সিনেমা। দেশপ্রেমকে উপজীব্য করে তৈরি হয়েছে সোলজার সিনেমার কাহিনি। বাস্তবতা, সংগ্রাম আর আশাবাদের গল্প বলবে সোলজার। এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন তানজিন তিশা ও জান্নাতুল ফেরদৌস ঐশী। আরও আছেন তারিক আনাম খান, তৌকীর আহমেদসহ অনেকেই।
সোলজারের শুটিং শেষ করে শাকিব খান শুরু করেছেন প্রিন্স সিনেমার শুটিং। এ সিনেমায় শাকিবকে দেখা যাবে নব্বইয়ের দশকের এক গ্যাংস্টারের চরিত্রে। বর্তমান সিনেমাটির শুটিংয়ে ভারতে উড়াল দিয়েছেন শাকিব। এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন ঢাকার তাসনিয়া ফারিণ ও কলকাতার জ্যোতির্ময় কুণ্ড। সব ঠিক থাকলে আগামী ঈদুল ফিতরে মুক্তি পাবে সিনেমাটি।