বিনোদন

ভোট দিয়ে ফেরার পর মারা গেছেন অভিনেতা তিনু করিম


বিনোদন ডেস্ক
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৪৩ পিএম

ভোট দিয়ে ফেরার পর মারা গেছেন অভিনেতা তিনু করিম
অভিনেতা তিনু করিম। ছবি: সংগৃহীত

জনপ্রিয় অভিনেতা তিনু করিম আর নেই। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৫ মিনিটে বরিশালে নিজ গ্রামের বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বিষয়টি নিশ্চিত করেছেন অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৬ বছর।

পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে ভোট দিয়ে বাড়ি ফেরার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। তার স্ত্রী জানান, ভোটকেন্দ্র থেকে ফিরে অসুস্থতা অনুভব করেন তিনু করিম। কিছুক্ষণের মধ্যেই সকাল ৯টা ৫ মিনিটে তিনি মারা যান।

‍ৃটেগপ.jpg

এর আগে গত ৮ নভেম্বর বরিশালে গ্রামের বাড়িতে অবস্থানকালে অসুস্থ হয়ে পড়েন এই অভিনেতা। শরীরে অক্সিজেনের মাত্রা কমে গেলে ২৪ নভেম্বর তাকে ঢাকায় আনা হয় এবং একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে তিনি সুস্থ হয়ে বাড়ি ফেরেন। রাশেদ মামুন অপু জানান, পুরোপুরি সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন তিনু করিম। তবে দীর্ঘদিন গলায় নল থাকায় তার কথা বলতে কিছুটা সমস্যা হতো।

দুই দশকেরও বেশি সময় ধরে অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন তিনু করিম। ২০০১ সালে ‘সাক্ষর’ নাটকের মাধ্যমে টেলিভিশনে তার অভিষেক। পরে ২০১০ সালে ‘অপেক্ষা’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় কাজ শুরু করেন। ‘রাত জাগা ফুল’, ‘আলতা বানু’সহ অসংখ্য নাটক ও বিজ্ঞাপনে অভিনয় করে দর্শকদের প্রশংসা কুড়ান তিনি। একটি মোবাইল ফোন অপারেটরের বিজ্ঞাপনের মাধ্যমে ব্যাপক পরিচিতি লাভ করেন এই অভিনেতা।

তার মৃত্যুতে শোবিজ অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।