বিনোদন
ক্রিকেটার শুভমান গিলের সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন রিধিমা পণ্ডিত
‘বিগ বস’ ও ‘খাতরো কা খিলাড়ি’ তারকা রিধিমা পণ্ডিতের সঙ্গে ক্রিকেটার শুভমান গিলের সম্পর্ক নিয়ে অনেক দিন ধরেই সিনেপাড়ায় চলছিল কানাঘুষা। অবশেষে এই গুঞ্জনের বিষয়ে মুখ খুললেন রিধিমা। শুভমানের সঙ্গে কখনোই প্রেমের মতো কিছু ঘটেনি জানিয়ে সরাসরি বিষয়টিকে মাঠের বাইরে পাঠিয়ে দিলেন।
মাঠের পারফরম্যান্স হোক বা ব্যক্তিগত বিষয়- সুদর্শন শুভমান গিলকে নিয়ে চর্চা চলে সবসময়ই। শচীন টেন্ডুলকারের মেয়ে সারার সঙ্গে দীর্ঘদিনের প্রেম, এরপর অভিনেত্রী সারা আলি খানের সঙ্গে সম্পর্ক এবং সম্প্রতি মারিয়া নামের এক স্প্যানিশ নারীর সঙ্গে প্রেম করছেন বলেও গুজব ছড়িয়েছিল। ব্যাট হাতে দাপটের পাশাপাশি মন নিয়েও ভালো খেলেন বলে আলোচনায় থাকেন ভারত অধিনায়ক।
ইদানীং হিন্দি টেলিভিশন অভিনেত্রী রিধিমা পণ্ডিতের সঙ্গে তার প্রেমের সম্পর্ক নিয়ে নতুন গুঞ্জন শুরু হয়। সেই গুঞ্জনের আগুনে জল ঢেলে এক জুম সাক্ষাৎকারে রিধিমা জানান, ভারতীয় ক্রিকেটারের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। এমন কিছুই কখনও ঘটেনি জানিয়ে তা সরাসরি অস্বীকার করেন।
পিঙ্কভিলার বরাতে জানা যায়, ‘বহু হামারি রজনীকান্ত’ তারকা রিধিমা পণ্ডিত গুজবের বিষয়ে বলেন, ‘এরকম কিছুই নেই। আমি একজন বিতর্কহীন ব্যক্তিত্ব এবং আমি সেভাবেই থাকতে চাই। আমি কখনও কারও ক্ষতি করিনি বা কারও হয়ে ভুল কথা বলিনি। আমি খুবই সাদামাটা একজন মানুষ। তোমরা আমার সম্পর্কে কোনো নোংরা তথ্য খুঁজে বের করতে পারবে না, প্রিয় বন্ধুরা!’
উল্লেখ্য, ৩৫ বছর বয়সী এই অভিনেত্রী কিছুদিন আগে ডানহাতি ব্যাটসম্যানকে সুদর্শন বলেই বিপাকে পড়েন। চারদিকে শুরু হয় তাদের প্রেমের চর্চা। রিধিমা পণ্ডিতকে সম্প্রতি ওটিটি শো 'দ্য ৫০'-এ দেখা গেছে। এর আগে তিনি 'নাগিন ৫'-এ বাণী শর্মা সিংহানিয়া চরিত্রে দুর্দান্ত অভিনয় করেন।