বিনোদন
হেলিকপ্টার উপহারেও মন গলেনি, প্রেমিকের বিরুদ্ধে রাজসাক্ষী জ্যাকুলিন ফার্নান্দেজ
বলিউডের আলোচিত ২০০ কোটি রুপি আর্থিক জালিয়াতি মামলায় নতুন মোড় আসতে যাচ্ছে। এই মামলায় এবার রাজসাক্ষী হিসেবে সাক্ষ্য দিতে পারেন অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ।
ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে চলমান এই মামলায় আদালতে গুরুত্বপূর্ণ সাক্ষ্য দিতে পারেন তিনি, যা পুরো মামলার গতিপথ বদলে দিতে পারে।
মামলার মূল অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখর বর্তমানে দিল্লির মান্ডোলি জেলে বন্দি রয়েছেন। তার বিরুদ্ধে একাধিক প্রতারণার অভিযোগ রয়েছে। অভিযোগ অনুযায়ী, তিনি বিভিন্ন সময় জ্যাকুলিনের সঙ্গে সম্পর্কের কথা বলে বিলাসবহুল উপহার পাঠাতেন এবং আর্থিক লেনদেনের মাধ্যমে প্রভাব বিস্তারের চেষ্টা করেন।
জানা গেছে, জেল থেকেই সুকেশ নিয়মিতভাবে জ্যাকুলিনের উদ্দেশে চিঠি পাঠাতেন। এসব চিঠিতে তিনি নিজেকে সম্পর্কের অংশ হিসেবে দাবি করেন এবং তাদের বন্ধনকে বিভিন্ন ঐতিহাসিক প্রেমকাহিনির সঙ্গে তুলনা করেন।

তিনি জ্যাকুলিনের জন্য দামি উপহার ও হেলিকপ্টারসহ বিলাসবহুল সামগ্রী দেওয়ার কথাও দাবি করেছেন। তবে জিজ্ঞাসাবাদের সময় অভিনেত্রী কিছু উপহারের বিষয় স্বীকার করেছেন বলে জানা যায়।
এদিকে, মামলার তদন্তকারীদের মতে, এই আর্থিক লেনদেন ও উপহার সংক্রান্ত বিষয়গুলোই তদন্তের গুরুত্বপূর্ণ অংশ। আদালতে জ্যাকুলিনের সাক্ষ্য এই মামলায় নতুন দিক উন্মোচন করতে পারে বলে মনে করা হচ্ছে।
সব মিলিয়ে, ভারতের আলোচিত এই প্রতারণা মামলায় এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখা হচ্ছে জ্যাকুলিন ফার্নান্দেজের সম্ভাব্য আদালত সাক্ষ্যকে।