বিনোদন
ধর্ষক স্বীকার করার পরও তার শাস্তি দিতে দেরি হবে কেন: কনক চাঁপা
রাজধানীর পল্লবী এলাকায় শিশু রামিসা আক্তার হত্যাকাণ্ড নিয়ে দেশজুড়ে ক্ষোভের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী কনক চাঁপা। তিনি ধর্ষণ ও শিশু নির্যাতনের ঘটনায় বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা নিয়ে প্রশ্ন তুলেছেন।
নিজের ফেসবুক পোস্টে কনক চাঁপা বলেন, ধর্ষণের মতো অপরাধে অভিযুক্ত ব্যক্তি অপরাধ স্বীকার করার পরও কেন শাস্তি কার্যকর হতে দীর্ঘ সময় লাগে, সেটি বোধগম্য নয়। একই সঙ্গে তিনি অপরাধীর পক্ষে আইনি সহায়তা দেওয়ার নৈতিক দিক নিয়েও প্রশ্ন তোলেন।
শিশু নির্যাতনের বিভিন্ন ঘটনা উল্লেখ করে তিনি বলেন, সমাজে ভয়াবহ মানসিক বিকৃতি ও পৈশাচিকতা ছড়িয়ে পড়ছে। এসব ঘটনায় পরিবারের সদস্য বা আশপাশের মানুষ কীভাবে নীরব থাকে, সেটিও তার কাছে বিস্ময়কর বলে মন্তব্য করেন এই শিল্পী।
কনক চাঁপা আরও বলেন, শিশুদের ওপর দীর্ঘদিন ধরে চলা নির্যাতনের ঘটনা সমাজের গভীর সংকটের ইঙ্গিত দেয়। তার মতে, এ ধরনের অপরাধের পেছনে জড়িতদের মানসিকতা ও কর্মকাণ্ড নিয়ে কঠোর অনুসন্ধান হওয়া প্রয়োজন।
পোস্টের শেষাংশে হতাশা প্রকাশ করে তিনি বলেন, বিচার পেতে সাধারণ মানুষকে বছরের পর বছর আদালতের দ্বারে ঘুরতে হয়। তাই অপরাধীদের মধ্যে ভয় তৈরি করতে জনসমক্ষে দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান তিনি।