বিনোদন
শাড়ি নিয়ে প্রতারণার অভিযোগ: তানজিন তিশাকে আদালতে হাজিরের নির্দেশ
শাড়ি নিয়ে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে দায়ের করা মামলায় ছোটপর্দার অভিনেত্রী তানজিন তিশাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
গতক্সল রবিবার (১২ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত তার বিরুদ্ধে সমন জারি করেন। আগামী ১৩ আগস্ট তাকে আদালতে হাজির হতে বলা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী সলিমুল্লাহ সরকার।
মামলার তথ্য অনুযায়ী, গত ৫ নভেম্বর ‘অ্যাপোনিয়ার ফ্যাশন’-এর নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা দায়ের করেন।
অভিযোগে বলা হয়, তানজিন তিশা ‘অ্যাপোনিয়া’ নামের একটি অনলাইন পেজ থেকে ২৮ হাজার ৮০০ টাকা মূল্যের একটি শাড়ি নির্বাচন করেন। পরে গত ১৮ জানুয়ারি সেটি তার বাসায় পৌঁছে দেওয়া হয়।
মামলায় আরও উল্লেখ করা হয়, শর্ত ছিল—শাড়িটি পরে তিনি সংশ্লিষ্ট পেজের প্রচারণা করবেন। এ বিষয়ে তিনি ভয়েস ও টেক্সট মেসেজের মাধ্যমে সম্মতিও জানিয়েছিলেন। কিন্তু দীর্ঘ সময় পার হলেও তিনি শাড়িটি পরে কোনো প্রচারণামূলক পোস্ট করেননি এবং গত ছয় মাসেরও বেশি সময় ধরে পেজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখেননি।
বাদীর দাবি, এভাবে তিনি প্রতারণা ও বিশ্বাসভঙ্গ করেছেন। আদালত মামলাটি আমলে নিয়ে বাদীর জবানবন্দি গ্রহণ করেন এবং তদন্তের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশকে (ডিবি) নির্দেশ দেন।
বাদীপক্ষের আইনজীবী জানান, ডিবির তদন্ত প্রতিবেদনে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর আদালত তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি করেছেন। তিনি আরও বলেন, আইনি নোটিশ পাঠিয়েও কোনো সাড়া না পাওয়ায় শেষ পর্যন্ত ২০২৫ সালের নভেম্বরে মামলাটি দায়ের করা হয়।