বিনোদন
১৪ বছর ধরে কাজ করছি একটা শাড়ি মেরে দেওয়ার জন্য? প্রশ্ন তানজিন তিশার
ফের শাড়ি প্রতারণা মামলার ইস্যুতে আলোচনার কেন্দ্রে অভিনেত্রী তানজিন তিশা। গত বছরের নভেম্বরে তার বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে মামলা দায়ের করা হয়। সেই মামলার পরিপ্রেক্ষিতে গত ১২ জুলাই ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত তিশার বিরুদ্ধে সমন জারি করে আগামী ১৩ আগস্ট আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।
বিষয়টি নিয়ে এতদিন নীরব থাকলেও গতকাল এক অনুষ্ঠানের সংবাদ সম্মেলনে প্রথমবারের মতো মুখ খোলেন তানজিন তিশা। তিনি বলেন, আইনের প্রতি তার পূর্ণ শ্রদ্ধা রয়েছে, তাই এতদিন এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।
তিশা বলেন, ‘আমি এই ইন্ডাস্ট্রিতে ১২-১৪ বছর ধরে কাজ করছি। ভালো-মন্দ মিলিয়ে নিজের জায়গাটা ধরে রেখেছি।’
মামলার সময় নিয়ে প্রশ্ন তুলে তিনি ষড়যন্ত্রেরও ইঙ্গিত দেন। তার ভাষ্য, ‘আমি যেদিন আমার নতুন সিনেমার শুটিং শুরু করি, তার ঠিক পরের দিনই একটি লিগ্যাল নোটিশ পাই। পাঁচ-ছয় দিনের মধ্যেই আমার বিরুদ্ধে মামলা হয়ে যায়। কেউ যখন ওপরে উঠতে চায়, তখন কিছু মানুষ তাকে টেনে নামানোর চেষ্টা করে। আমার ক্ষেত্রেও ঠিক এমনটাই হয়েছে বলে মনে হয়েছে।’
নিজের দীর্ঘ ক্যারিয়ার ও ভাবমূর্তির প্রসঙ্গ টেনে তিশা বলেন, ‘আমি ১৪ বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছি একটা অনলাইন শপের ২৭ হাজার টাকার শাড়ি মেরে দেওয়ার জন্য? এত বছর পরিশ্রম করে কি আমি ২৭ হাজার টাকার জন্য নিজের অবস্থান নষ্ট করব? এই ইন্ডাস্ট্রিতে, বিশেষ করে একজন নারীর জন্য টিকে থাকা মোটেও সহজ নয়।’
মামলার অভিযোগে বলা হয়েছে, অনলাইনভিত্তিক ফ্যাশন পেজ ‘অ্যাপোনিয়া’ থেকে ২৮ হাজার ৮০০ টাকা মূল্যের একটি শাড়ি নিয়ে সেটির প্রচারণা এবং মূল্য পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছিলেন তানজিন তিশা। কিন্তু পরে তিনি যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন বলে অভিযোগ করা হয়। এ ঘটনায় পেজটির প্রশাসক আমিনুল ইসলাম প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করেন।