বিনোদন
বিশ্বকাপে আর্জেন্টিনার হারে পরীমনি: ‘বিয়েটা আর করতে হলো না’
বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন প্রতিক্রিয়া জানিয়েছেন চিত্রনায়িকা পরীমনি। আর্জেন্টিনা শিরোপা জিতলে আবার বিয়ে করার ঘোষণা দিয়েছিলেন তিনি। তবে ফাইনালে দলের হার নিশ্চিত হওয়ার পর এক পোস্টে লিখেছেন, ‘বিয়েটা আর করতে হলো না। ভালোবাসার আর্জেন্টিনা, আবার দেখা হবে।’
রোববার রাতে যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে নির্ধারিত ৯০ মিনিট গোলশূন্যভাবে শেষ হয়। পরে অতিরিক্ত সময়ে বদলি খেলোয়াড় ফেরান তোরেসের একমাত্র গোলে ১-০ ব্যবধানে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপের শিরোপা জিতে নেয় স্পেন।
ম্যাচের দ্বিতীয়ার্ধে এনজো ফার্নান্দেজ পরপর দুটি হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় আর্জেন্টিনা। সংখ্যাগত সুবিধা নিয়েই অতিরিক্ত সময়ে খেলতে নামে স্পেন।
অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধের শুরুতেই ডান প্রান্ত দিয়ে আক্রমণ গড়ে তোলে স্পেন। পেদ্রো পোরোর ক্রস দূরের পোস্টে নিয়ন্ত্রণে নিয়ে বল ফেরান নিকো উইলিয়ামস। তার নিখুঁত পাস থেকে ডান পায়ের জোরালো ভলিতে আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজকে পরাস্ত করেন ফেরান তোরেস।
১০৬ মিনিটে করা সেই গোলই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে। এর মাধ্যমে ১-০ ব্যবধানে জয় নিশ্চিত করে স্পেন এবং দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ শিরোপা নিজেদের করে নেয়।
এই গোলের মধ্য দিয়ে ফেরান তোরেস বিশ্বকাপ ফাইনালের ইতিহাসে বদলি খেলোয়াড় হিসেবে গোল করা পঞ্চম ফুটবলার হন। পাশাপাশি ২০১৪ সালের ফাইনালে জার্মানির মারিও গ্যোৎসের পর প্রথম বদলি খেলোয়াড় হিসেবে বিশ্বকাপ ফাইনালে গোল করার কীর্তিও গড়েন তিনি।