বিনোদন

মানুষ আমাকে কোনো পুরুষের সঙ্গে দেখতে চায় না: পরীমনি 


বিনোদন ডেস্ক
প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ০৮:১২ পিএম

মানুষ আমাকে কোনো পুরুষের সঙ্গে দেখতে চায় না: পরীমনি 
ছবিঃ সংগৃহীত

চিত্রনায়িকা পরীমনি অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও প্রায়ই আলোচনায় থাকেন। 

সম্প্রতি রাজধানীর শুটিং ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি ব্যক্তিগত জীবন, চলমান আইনি লড়াই, গ্রেফতারের অভিজ্ঞতা এবং ভবিষ্যতে বিয়ে নিয়ে নানা বিষয়ে কথা বলেন।

পরীমনি বলেন, “আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই। মানুষ আমাকে কোনো পুরুষের সঙ্গে দেখতে চায় না। আমাকে সিঙ্গেল এবং আমার সন্তানদের সঙ্গে দেখতে চায়। কেন এমনটা হয়, আমি জানি না।”

গ্রেফতারের প্রসঙ্গ তুলে তিনি বলেন, জেল থেকে বের হওয়ার পর এতদিন বিষয়টি নিয়ে প্রকাশ্যে কথা বলেননি। তার ভাষায়, “আমার শুধু মনে হয়েছে, সত্য একদিন না একদিন প্রকাশ পায়। কোনো অপরাধ যেমন নিখুঁত নয়, তেমনি কোনো সত্যও চিরদিন চাপা থাকে না।”

তিনি দাবি করেন, গ্রেফতারের সময় আইনগত প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণ করা হয়নি। তার অভিযোগ, তখন গ্রেফতারি পরোয়ানা ছিল না এবং বাসায় তল্লাশি চালানোর অনুমতিও সংশ্লিষ্টদের কাছে ছিল না।

পরীমনি বলেন, পরে পুরো ঘটনার বিবরণ শুনে তার মনে হয়েছে অনেক কিছুই পরিকল্পিত ছিল। তবে তিনি ধৈর্য ধরে আইনি প্রক্রিয়ার ওপর আস্থা রেখেছেন।

তার ভাষায়, “এই ছয় বছরে ধৈর্যই আমাকে বাঁচিয়ে রেখেছে। এখন মনে হচ্ছে ঘাড় থেকে বড় একটি বোঝা নেমে গেছে।”

চলমান মামলার বিষয়ে তিনি বলেন, এটি কোনো ব্যক্তি করেননি; বরং তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে মামলা করা হয়েছিল। তবে তিনি শুরু থেকেই আইনের প্রতি আস্থা রেখেছেন।

তিনি বলেন, “আমি কখনো রাষ্ট্রকে চাপ দিইনি বা আহাজারি করিনি। যতদিন সময় লাগুক, যত বছর হাজিরা দিতে হোক, আমি দেব। আমার বিশ্বাস, একদিন আদালত আমাকে নির্দোষ ঘোষণা করে আমার সম্মান ফিরিয়ে দেবে।”

দেশে শিল্পীদের নিরাপত্তা প্রসঙ্গে পরীমনি বলেন, শুধু শিল্পীদের নয়, বাংলাদেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন। তার মতে, “শিল্পী, রিকশাচালক বা অন্য যে-ই হোক, সবার নিরাপত্তা নিশ্চিত হওয়া উচিত। আমরা সবাই হেনস্তা থেকে মুক্তি চাই।”