বিনোদন
অন্যের দৃষ্টিভঙ্গি আপনার চরিত্র নির্ধারণ করে না: প্রভা
মানুষের ভুল ধারণা, অহেতুক বিচারপ্রবণতা ও কাছের মানুষদের বিশ্বাসঘাতকতা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে খোলামেলা কথা বলেছেন ছোট পর্দার অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। নিজের অভিজ্ঞতা ও উপলব্ধি তুলে ধরে তিনি বলেছেন, অন্যের ধারণা বা দৃষ্টিভঙ্গি কখনোই একজন মানুষের প্রকৃত চরিত্র নির্ধারণ করতে পারে না।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে প্রভা লেখেন, মানুষ যখন নিজেদের ধারণার ওপর ভিত্তি করে কারও চরিত্র নিয়ে প্রশ্ন তোলে কিংবা তাকে ‘খারাপ মানুষ’ হিসেবে আখ্যা দেয়, তখন বিষয়টি অত্যন্ত কষ্টদায়ক। তার মতে, অন্যরা একজন মানুষকে নিয়ে যা বিশ্বাস করে, তার বড় একটি অংশই তাদের নিজেদের কল্পনা, বিচার-বুদ্ধি কিংবা নিজেদের বড় করে দেখানোর প্রবণতা থেকে তৈরি হয়।
কাছের মানুষদের আচরণে পাওয়া আঘাতের কথাও তুলে ধরেছেন প্রভা। তিনি বলেন, আরও বেশি কষ্টের বিষয় হলো—কিছু মানুষ নিজেদের ভুল ও সীমাবদ্ধতা সহজেই ভুলে গিয়ে অন্যকে নিয়ে কুৎসা রটানোকে নিজেদের অধিকার মনে করেন। এসব মানুষ অনেক সময় নিজের বন্ধু, পরিবারের সদস্য, সহকর্মী কিংবা সাবেক সঙ্গীও হতে পারেন।
আপনজনদের এমন আচরণ একজন মানুষকে মানসিকভাবে ভেঙে দিতে পারে বলেও উল্লেখ করেন এই অভিনেত্রী। তিনি বলেন, এ ধরনের পরিস্থিতিতে কেউ কিছুদিন নীরব, ভেঙে পড়া কিংবা নিজেকে মূল্যহীন মনে করতে পারেন। তবে সেই অনুভূতি যেন একজন মানুষের আত্মপরিচয়কে নিয়ন্ত্রণ না করে, সেদিকেও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি।
প্রভা তার অনুসারীদের উদ্দেশে বলেন, ‘মনে রাখবেন, আপনাকে নিয়ে অন্য কারও চিন্তাভাবনা বা দৃষ্টিভঙ্গি কখনোই আপনার চরিত্রকে নির্ধারণ করে না।’
তিনি আরও বলেন, অন্যের ভণ্ডামি, ভুল ধারণা কিংবা নিজেদের ভুল স্বীকার করতে না পারার দায়ভার নিজের কাঁধে নেওয়ার প্রয়োজন নেই। নিজের মূল্যবোধ ধরে রেখে শক্ত থাকার মধ্য দিয়েই এমন পরিস্থিতি মোকাবিলা করা উচিত বলে বার্তা দিয়েছেন অভিনেত্রী।