বিনোদন
প্রেমিকের সঙ্গে কথাকাটাকাটির পরই অভিনেত্রী রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে মডেল ও অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ শনিবার (১৫ আগস্ট) ভোর ৬টার দিকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ বসুন্ধরা আবাসিক এলাকার ওই বাসায় গিয়ে রিধিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশের প্রাথমিক ধারণা, এটি আত্মহত্যার ঘটনা হতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে তদন্ত ও আইনি প্রক্রিয়া চলছে। ওসি জানান, রিধির মরদেহ উদ্ধারের পর তার মা ও পরিবারের সদস্যরা থানায় রয়েছেন। পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, রিধির সঙ্গে একজনের প্রেমের সম্পর্ক ছিল। মৃত্যুর আগে ভোরে ওই ব্যক্তির সঙ্গে ভিডিও কলে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ভিডিও কলে থাকা অবস্থাতেই রিধি আত্মহত্যা করেন বলে পরিবারের অভিযোগ।
ওসি মাজহারুল ইসলাম বলেন, পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। একই সঙ্গে ঘটনার প্রকৃত কারণ জানতে বিষয়টি তদন্ত করা হচ্ছে। মৃত্যুর আগে রিধির সঙ্গে ওই ব্যক্তির কী কথা হয়েছিল এবং তাদের সম্পর্কের বিষয়টিও তদন্তের আওতায় রয়েছে।
পুলিশ জানিয়েছে, রিধির পরিবারের সদস্যদের কাছ থেকেও প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে। মৃত্যুর ঘটনাটি আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।
উল্লেখ্য, মডেলিংয়ের পাশাপাশি বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছেন রিধিকা রিধি। ‘এখানে মানুষ বিক্রি হয়’, ‘বহুরূপী’, ‘ডাবল হানিমুন’ ও ‘সুন্দরী’সহ কয়েকটি নাটকে অভিনয়ের মাধ্যমে দর্শকদের কাছে পরিচিতি পান তিনি।