বিনোদন
আল্লাহ যেন আমার অতীতের সকল ভুল-ত্রুটি ক্ষমা করে দেন: লুবাবা
জীবনের আরও একটি বছর পার হওয়ায় সবার কাছে দোয়া চেয়েছেন শিশুশিল্পী সিমরিন লুবাবা।
আজ রবিবার (১৬ আগস্ট) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি অতীতের ভুল-ত্রুটি ক্ষমা এবং ভবিষ্যৎ জীবন বরকতময় করার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেন।
স্ট্যাটাসে লুবাবা লেখেন, ‘আলহামদুলিল্লাহ, জীবনের আরও একটি বছর পার হয়ে গেল। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে যেন আল্লাহর নৈকট্য ও তাকওয়া বৃদ্ধি পায়—এটাই আমার সবচেয়ে বড় চাওয়া।’
তিনি আরও লেখেন, ‘আপনাদের সকলের কাছে আন্তরিকভাবে দোয়া চাই—আল্লাহ যেন আমার অতীতের সকল ভুল-ত্রুটি ক্ষমা করে দেন, ভবিষ্যৎ জীবনকে বরকতময় করেন, ঈমানের সঙ্গে জীবনযাপন করার তাওফিক দান করেন এবং নেক আমল করার সুযোগ দেন।’
জীবনের বাকি সময় আল্লাহর সন্তুষ্টির পথে কাটানোর তাওফিক চেয়েছেন লুবাবা। একই সঙ্গে নিজের পরিবার ও সব মুসলিম উম্মাহর জন্য দুনিয়া ও আখিরাতের কল্যাণ কামনা করেছেন তিনি।
পোস্টের শেষদিকে তিনি লেখেন, ‘আপনাদের দোয়া আমার জন্য অনেক মূল্যবান। সবাই আমার জন্য দোয়া করবেন।’
এ ছাড়া ‘রব্বি জিদনী ইলমা ওয়া বারিক লি ফি উমরি’ দোয়াটি উল্লেখ করে এর অর্থও লিখেছেন লুবাবা—‘হে আমার রব, আমার জ্ঞান বৃদ্ধি করুন এবং আমার জীবনে বরকত দান করুন।’
সম্প্রতি বাগ্দান নিয়ে আলোচনায় ছিলেন এই শিশুশিল্পী। সামাজিক যোগাযোগমাধ্যমে বাগ্দত্তার সঙ্গে ছবি প্রকাশের পর তার বিয়ে নিয়ে নানা আলোচনা শুরু হয়। কেউ শুভকামনা জানালেও কেউ বাল্যবিবাহের অভিযোগ তুলে সমালোচনা করেন।