বিনোদন
কেটি পেরির সঙ্গে জাস্টিন ট্রুডোর ডিনার, ভিডিও ভাইরাল
কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং মার্কিন পপ সুপারস্টার কেটি পেরিকে মন্ট্রিয়ালের এক বিলাসবহুল রেস্টুরেন্টে একসঙ্গে রাতের খাবারে দেখা যাওয়ার পর থেকে সামাজিক মাধ্যমে চলছে জোর আলোচনা। ঘটনাটি নিয়ে উঠেছে নতুন সম্পর্কের সম্ভাবনার গুঞ্জনও।
প্রভাবশালী ট্যাবলয়েড সংস্থা টিএমজেড জানায়, ২৮ জুলাই রাতে মন্ট্রিয়লের নামী রেস্টুরেন্ট Le Violiné-তে একান্তে ডিনার করেন তারা। প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, কেটি ও ট্রুডো এক টেবিলে ঘনিষ্ঠভাবে আলাপ করছেন। কেটিকে বেশ মনোযোগ দিয়ে ট্রুডোর কথা শুনতে দেখা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নিরাপত্তাবেষ্টিত পরিবেশে তারা ককটেল, লবস্টারসহ নানা সুস্বাদু খাবার উপভোগ করেন। রেস্টুরেন্টের প্রধান শেফ তাদের সঙ্গে কথা বলেন এবং নৈশভোজ শেষে রান্নাঘরে গিয়ে কর্মীদের ধন্যবাদ জানান তারা।
উল্লেখ্য, কেটি পেরি বর্তমানে কানাডায় তার কনসার্ট সফরে রয়েছেন এবং মন্ট্রিয়লের পর অটোয়াতে পারফর্ম করার কথা রয়েছে। সম্প্রতি তিনি তার বাগদত্তা অরল্যান্ডো ব্লুমের সঙ্গে দীর্ঘ সম্পর্কের ইতি টেনেছেন। তাদের একমাত্র কন্যা ডেইজি ডাভের সঙ্গে এখনও মাঝে মাঝে একসঙ্গে সময় কাটাতে দেখা যায় এই প্রাক্তন যুগলকে।
অন্যদিকে, জাস্টিন ট্রুডো ২০২৩ সালে স্ত্রী সোফি গ্রেগোর সঙ্গে ১৮ বছরের দাম্পত্য সম্পর্ক শেষ করেন। তাদের তিন সন্তান রয়েছে—জাভিয়ের, এলা-গ্রেস এবং হ্যাড্রিয়েন।