বিনোদন
অনুমতি ছাড়া গান ব্যবহারে গ্রামীণফোনকে আইনি নোটিশ, ২০ কোটি টাকা দাবি
বাউল সম্রাট শাহ আবদুল করিমের কপিরাইট সংরক্ষিত গান অনুমতি ছাড়াই বিজ্ঞাপনে ব্যবহার করায় দেশের শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ঘটনায় অপারেটরটিকে ২০ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
শাহ আবদুল করিমের ছেলে শাহ নূরজালালের পক্ষ থেকে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রাজিন আহমেদ এই নোটিশ পাঠান।
নোটিশে উল্লেখ করা হয়, ‘রঙিলা বাড়ৈ’ ও ‘কোন মিস্তরি নাও বানাইছে’ এই দুটি গান ২০১৬ ও ২০২২ সালে গ্রামীণফোনের দুটি বিজ্ঞাপনে ব্যবহৃত হয়েছে অনুমতি ছাড়াই। গান দুটি বাণিজ্যিকভাবে ব্যবহারের মাধ্যমে কপিরাইট আইন ও শিল্পীর নৈতিক অধিকার লঙ্ঘন করা হয়েছে বলেও দাবি করা হয়।
এ বিষয়ে করিমপুত্র শাহ নূরজালাল বলেন, “আমরা গ্রামীণ মানুষ, আইনের খুঁটিনাটি জানি না। তবে এটুকু বুঝি, বাবার গান যদি কেউ ব্যবসার কাজে ব্যবহার করে, তাহলে আমাদের অনুমতি নেওয়া উচিত ছিল। আর যদি আয় হয়, আমাদেরও তো ন্যায্য একটা পাওনা থাকে।”
নোটিশে গ্রামীণফোনকে ৭২ ঘণ্টার মধ্যে গানসম্বলিত সব কনটেন্ট অনলাইন ও অফলাইন প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নিতে বলা হয়েছে। একইসঙ্গে শাহ আবদুল করিমকে যথাযথ স্বীকৃতি দিয়ে প্রকাশ্যে ক্ষমা চাওয়ারও দাবি জানানো হয়েছে।
ক্ষতিপূরণ হিসেবে প্রতিটি গানের জন্য ১০ কোটি করে মোট ২০ কোটি টাকা দাবি করা হয়েছে। সাত দিনের মধ্যে দাবি পূরণ না হলে কপিরাইট আইন, ২০২৩ অনুযায়ী গ্রামীণফোনের বিরুদ্ধে দেওয়ানি ও ফৌজদারি মামলা করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
এ বিষয়ে গ্রামীণফোনের পক্ষ থেকে এ পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি।