বিনোদন

সেগুনবাগিচায় বৃহস্পতিবার ‘হেমন্তের রাগ-অনুরাগ’ সংগীত সন্ধ্যা


বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৫, ১১:০৭ পিএম

সেগুনবাগিচায় বৃহস্পতিবার ‘হেমন্তের রাগ-অনুরাগ’ সংগীত সন্ধ্যা
ছবি: সংগৃহীত

ঋতুভিত্তিক নিয়মিত সংগীত আয়োজনের অংশ হিসেবে এবার হেমন্তকে কেন্দ্র করে উচ্চাঙ্গসংগীতের বিশেষ আসর আয়োজন করছে আরোহী সংগীত নিকেতন। রাজধানীর সেগুনবাগিচার স্বপ্না সদনে আগামী বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেল ৫টায় অনুষ্ঠিত হবে মনোমুগ্ধকর এই সংগীত সন্ধ্যা ‘হেমন্তের রাগ-অনুরাগ’।

আয়োজক প্রতিষ্ঠান জানিয়েছে, হেমন্তের আবহ ও অনুভূতির সঙ্গে সাযুজ্য রেখে একাধিক শাস্ত্রীয় ধারার পরিবেশনা থাকছে অনুষ্ঠানে। খেয়াল পরিবেশন করবেন গুরু ইমামুর রশিদ খান। সেতারে থাকছেন শিল্পী জ্যোতি ব্যানার্জি এবং এস্রাজে আশিকুল আবীর। ঠুমরী পরিবেশন করবেন কণ্ঠশিল্পী কাব্যশ্রী রায় চৌধুরী।

তবলায় সঙ্গত করবেন তুষার কান্তি সরকার এবং তবলা লহরা পরিবেশন করবেন কুমার প্রতিবিম্ব।

niketon1_Dhakaprokash.jpg

অনুষ্ঠানের পরিকল্পনা করেছেন নন্দিতা বিশ্বাস। পুরো সংগীত সন্ধ্যা পরিচালনা করবেন গুরু ইমামুর রশিদ খান।

হেমন্তের শীতল আবহকে সঙ্গীতের সুর-তাল-লয়ে তুলে ধরতে এই আয়োজন বিশেষ ভূমিকা রাখবে বলে আশা করছে আরোহী সংগীত নিকেতন। সংগীতপ্রেমীদের জন্য এটি একটি উন্মুক্ত, সুললিত সন্ধ্যা হয়ে উঠবে বলেও আয়োজকদের প্রত্যাশা।