বিনোদন
আর কখনও সিনেমায় গান গাইবেন না অরিজিৎ সিং
বলিউড ও বাংলার শ্রোতাদের হৃদয়ের গায়ক অরিজিৎ সিং আর সিনেমার জন্য গান গাইবেন না- এমন ঘোষণায় চমকে গেছেন ভক্তরা। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নিজেই এই সিদ্ধান্তের কথা জানান জনপ্রিয় এই শিল্পী।
ফেসবুক ও ইনস্টাগ্রামে অরিজিৎ লেখেন, “সবাইকে নববর্ষের শুভেচ্ছা। এত বছর ধরে শ্রোতা হিসেবে আমাকে যে ভালোবাসা দিয়েছেন, তার জন্য কৃতজ্ঞ। আনন্দের সঙ্গে জানাচ্ছি, প্লেব্যাকশিল্পী হিসেবে আমি আর নতুন কোনো কাজ করব না। আমি এটি ছেড়ে দিলাম। যাত্রাটা ছিল অসাধারণ।”

তার এই ঘোষণার পরপরই ভক্তদের মধ্যে বিস্ময় ও আবেগের সৃষ্টি হয়। অনেকেই মন্তব্যে নিজের অনুভূতি প্রকাশ করেন এবং সিদ্ধান্তটি পুনর্বিবেচনার অনুরোধ জানান। তবে সিনেমার গান না গাইলেও সংগীতজগৎ থেকে সরে যাচ্ছেন না অরিজিৎ। ভক্তদের প্রশ্নের জবাবে তিনি নিজেই স্পষ্ট করেছেন, গান ও সংগীতচর্চা চালিয়ে যাবেন তিনি।
২০০৫ সালে মাত্র ১৯ বছর বয়সে রিয়েলিটি শো ‘ফেম গুরুকুল’-এর মাধ্যমে সংগীতযাত্রা শুরু করেন অরিজিৎ সিং। এরপর ২০১১ সালে মুক্তি পাওয়া ‘মার্ডার’ সিনেমায় প্রথম প্লেব্যাকের সুযোগ পান। তবে ২০১৩ সালে ‘আশিকি ২’ সিনেমার গান তাকে পৌঁছে দেয় জনপ্রিয়তার চূড়ায়। সেই সময় থেকেই বলিউডের প্রথম সারির নায়কদের সিনেমায় নিয়মিত কণ্ঠ দিয়েছেন তিনি।
অরিজিতের গাওয়া জনপ্রিয় গানের তালিকা দীর্ঘ। হিন্দির পাশাপাশি বাংলাতেও সমান জনপ্রিয় তিনি। ‘তুম হি হো’, ‘হামারি আধুরি কাহানি’, ‘জালিমা’, ‘অ্যায় দিল হে মুশকিল’, ‘আপনা বানা লে’, ‘হামদার্দ’—এর পাশাপাশি বাংলা গানের মধ্যে রয়েছে ‘বোঝেনা সে বোঝে না’, ‘না রে না’, ‘মন বাওরে’, ‘মন মাঝিরে’সহ বহু শ্রোতাপ্রিয় গান।