বিনোদন
গোপন ছবি তুলে ব্ল্যাকমেইলের অভিযোগে আবারও গ্রেফতারি পরোয়ানা নোবেলের বিরুদ্ধে
বিভিন্ন সময় বিতর্কিত আচরণ ও বেফাঁস মন্তব্যের কারণে আলোচনায় থাকা ‘সারেগামাপা’খ্যাত কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল আবারও আইনি জটিলতায় পড়েছেন।
এক নারীকে গোপন ছবি তুলে ব্ল্যাকমেইল, অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। এর আগে কারাবাস করলেও নতুন এই মামলায় আবার গ্রেফতার হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে নোবেলের বিরুদ্ধে।
মামলার শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদের আদালত গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দেন। ভুক্তভোগী নারীর আইনজীবী সাজিদুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
আইনজীবী সাজিদুল ইসলাম জানান, আদালতে উপস্থাপিত অভিযোগ ও প্রাথমিক তথ্য-প্রমাণের ভিত্তিতে বিচারক নোবেলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার সিদ্ধান্ত নেন। মামলায় পর্নোগ্রাফি আইনের অভিযোগও অন্তর্ভুক্ত রয়েছে। গত বছরের ১৩ আগস্ট মামলাটি দায়ের করা হয় এবং তদন্তের দায়িত্ব দেওয়া হয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (পিবিআই)কে।
মামলার এজাহার অনুযায়ী, ভুক্তভোগী নারী অভিযোগ করেছেন-নোবেল বিভিন্ন সময়ে তার গোপন ছবি ধারণ করেন এবং পরবর্তীতে সেই ছবি ব্যবহার করে তাকে ব্ল্যাকমেইল করতে থাকেন। একপর্যায়ে পারিবারিকভাবে নোবেলের সঙ্গে তার বিয়ের উদ্দেশ্যে এনগেজমেন্ট সম্পন্ন হয়। তবে শারীরিক সম্পর্কের জন্য নোবেল চাপ প্রয়োগ করলে তিনি তাতে সম্মতি দেননি।
ভুক্তভোগীর আরও অভিযোগ, এনগেজমেন্টের পরও নোবেল গোপন ছবি দেখিয়ে তাকে ভয়ভীতি প্রদর্শন করেন এবং সেই সুযোগে ২০ লাখ টাকারও বেশি অর্থ হাতিয়ে নেন। দীর্ঘদিন ধরে মানসিক চাপ ও হুমকির মুখে থাকার কথা উল্লেখ করে তিনি আইনের আশ্রয় নেন।
আদালত এসব অভিযোগ আমলে নিয়ে নোবেলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন বলে জানান আইনজীবী সাজিদুল ইসলাম। বর্তমানে মামলাটি বিচারাধীন রয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান আছে।