বিনোদন

বন্যার্তদের জন্য অর্থ সংগ্রহে গাইবেন রুনা লায়লা


বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ০৪:৪৩ পিএম

বন্যার্তদের জন্য অর্থ সংগ্রহে গাইবেন রুনা লায়লা
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সাম্প্রতিক ভয়াবহ বন্যায় হাজারো পরিবার ঘরবাড়ি হারিয়ে মানবেতর জীবনযাপন করছে। এই দুর্দশাগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে এক মানবিক উদ্যোগ নিয়েছেন উপমহাদেশের খ্যাতিমান সংগীতশিল্পী রুনা লায়লা। বন্যার্তদের সহায়তার জন্য তিনি একক সংগীতানুষ্ঠানে গান পরিবেশন করবেন।

আগামী ২৪ জুলাই বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে এই আয়োজন অনুষ্ঠিত হবে। শিল্পকলা একাডেমির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অনুষ্ঠানের টিকিট বিক্রি থেকে প্রাপ্ত অর্থ সরাসরি বন্যাদুর্গতদের সহায়তায় ব্যয় করা হবে।

মূলত ১৮ জুলাই এই গুণী শিল্পীকে সম্মাননা দেওয়ার পরিকল্পনা ছিল। তবে দেশের বিদ্যমান বন্যা পরিস্থিতি বিবেচনায় অনুষ্ঠানটি স্থগিত করে নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে ২৪ জুলাই। একইসঙ্গে আয়োজনটিকে মানবিক উদ্যোগে রূপ দিয়ে বন্যার্তদের সহায়তায় ব্যবহার করা হচ্ছে।

অনুষ্ঠানের টিকিট মূল্য নির্ধারণ করা হয়েছে ২ হাজার টাকা। আগ্রহী দর্শকরা শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ ভবনের নিচতলার হিসাব শাখা থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন।

এ অনুষ্ঠানে সংগীতাঙ্গনে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ রুনা লায়লাকে বিশেষ সম্মাননাও প্রদান করা হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে থাকবেন প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এবং উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। সভাপতিত্ব করবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা।

স্বাগত বক্তব্য রাখবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও কবি শেখ রেজাউদ্দিন আহমেদ এবং ধন্যবাদ জ্ঞাপন করবেন একাডেমির সচিব মোহাম্মদ জাকির হোসেন।

জানা গেছে, অনুষ্ঠানে রুনা লায়লা তাঁর দীর্ঘ ছয় দশকের সংগীতজীবন থেকে বাছাইকৃত জনপ্রিয় ১০টি গান পরিবেশন করবেন, যা শ্রোতাদের জন্য এক বিশেষ আকর্ষণ হয়ে উঠবে।

উল্লেখ্য, এর আগে সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমীন ও সৈয়দ আব্দুল হাদীকেও সম্মাননা প্রদান করা হয়েছে।