পরিবেশ-জলবায়ু

২৪ ঘণ্টার মধ্যে যেসব জায়গায় বৃষ্টি হতে পারে


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১১ পিএম

২৪ ঘণ্টার মধ্যে যেসব জায়গায় বৃষ্টি হতে পারে
ছবি: সংগৃহীত

আগামী ২৪ ঘণ্টায় দেশের কিছু এলাকায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। তবে সারাদেশেই দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শনিবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, বর্তমানে একটি সুষ্পষ্ট লঘুচাপ দক্ষিণ রাজস্থান ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর সঙ্গে মৌসুমি বায়ুর অক্ষ বিস্তৃত রয়েছে উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের মধ্যাঞ্চল ও আসাম পর্যন্ত। ফলে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর তুলনামূলকভাবে দুর্বল এবং উত্তর বঙ্গোপসাগরে তা মাঝারি অবস্থায় সক্রিয়।

এই অবস্থায় শনিবার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-একটি স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে।

একই পূর্বাভাস রোববার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্যও প্রযোজ্য বলে জানানো হয়েছে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, এই সময়ে দেশের তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তন না থাকলেও কিছু এলাকায় হঠাৎ দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির কারণে জনজীবনে সাময়িক ব্যাঘাত ঘটতে পারে।