পরিবেশ-জলবায়ু

তিন বিভাগে ভারি বর্ষণের আভাস, সারাদেশেই বৃষ্টির সম্ভাবনা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩০ এএম

তিন বিভাগে ভারি বর্ষণের আভাস, সারাদেশেই বৃষ্টির সম্ভাবনা
ছবি: সংগৃহীত

দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বুধবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা পর্যন্ত দেশের প্রায় সব বিভাগেই বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু এলাকায় ভারি বর্ষণ হতে পারে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে জানানো হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের উত্তরাঞ্চল ও আসাম পর্যন্ত বিস্তৃত। এর একটি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে তা মাঝারি অবস্থায় বিরাজ করছে।

এই অবস্থায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে রাজশাহী, খুলনা ও ঢাকা বিভাগের অনেক জায়গায় এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায়ও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

এ ছাড়া পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে দিনের তাপমাত্রা এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আবহাওয়া বিশেষজ্ঞরা মনে করছেন, মৌসুমি বায়ুর সক্রিয় অবস্থার কারণে সেপ্টেম্বরের বাকি সময়জুড়ে দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ভারি বর্ষণের প্রবণতা থাকতে পারে।