পরিবেশ-জলবায়ু

আবারও বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, বৃষ্টি নিয়ে নতুন বার্তা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪০ পিএম

আবারও বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, বৃষ্টি নিয়ে নতুন বার্তা
ছবি: সংগৃহীত

আবারও বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। উত্তর-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় কয়েক দিনের মধ্যেই একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এর ফলে দেশের প্রায় সব বিভাগেই বৃষ্টির প্রবণতা বাড়তে পারে বলে জানানো হয়েছে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় আবহাওয়ার সর্বশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে মৌসুমি বায়ুর অক্ষ উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই অক্ষের একটি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়ে গেছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

এই অবস্থায় আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগে বৃষ্টির প্রবণতা থাকবে বেশি। পাশাপাশি রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশালের কিছু এলাকায়ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।

শুক্রবার সন্ধ্যার পূর্বাভাসে আরও বলা হয়, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। তবে আবহাওয়ার এই পরিবর্তন জনজীবনে কিছুটা প্রভাব ফেলতে পারে। শনি ও রবিবার আরও বিস্তৃতভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষ করে ঢাকাসহ দক্ষিণ ও পূর্বাঞ্চলে ভারী বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে।

রবিবার সন্ধ্যার পর বৃষ্টিপাতের দখল নিতে পারে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগ। একই সময়ে রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগেও ছড়িয়ে পড়তে পারে বৃষ্টির প্রবণতা। এ সময় ভারী থেকে মাঝারি ধরনের বর্ষণও দেখা যেতে পারে।

আবহাওয়া অধিদফতর বলছে, বঙ্গোপসাগরে যে লঘুচাপের পূর্বাভাস দেওয়া হয়েছে, তা শক্তি সঞ্চয় করলে উপকূলীয় এলাকাগুলোতে প্রভাব ফেলতে পারে। যদিও এখনো ঝড় বা ঘূর্ণিঝড়ের শঙ্কা নেই, তবে সাবধানতা অবলম্বন করতে বলা হয়েছে।