পরিবেশ-জলবায়ু
বাইপাইল নয়, আজকের ভূমিকম্পের উৎপত্তিও নরসিংদীতে
ঢাকা ও আশেপাশের অঞ্চলে গতকাল শুক্রবার (২১ নভেম্বর) ৫.২ মাত্রার ভূমিকম্পের রেশ এখনও কাটতে না কাটতেই আজ শনিবার (২২ নভেম্বর) সকাল ১০টা ৩৬ মিনিটে আবারও ভূমিকম্পে কেঁপে ওঠে ঢাকার সাভারের বাইপাইল এলাকা।
প্রাথমিকভাবে আজকের ভূমিকম্পের উৎপত্তি গাজীপুর মনে করা হলেও, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে- এটি নরসিংদীর পলাশ এলাকায় হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩.৩ এবং মৃদু ধাক্কা অনুভূত হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের প্রফেশনাল অ্যাসিস্ট্যান্ট নিজাম উদ্দিন আহমেদ জানান, তাদের ওয়েবসাইটে প্রথমে দেখানো হয়েছিল— কম্পনটির উৎস গাজীপুরের বাইপাইলে, ঢাকার উত্তর দিকের প্রায় ২৬ কিলোমিটার দূরে। সরকারি পর্যবেক্ষক প্রতিষ্ঠানটির সাইটেও একই তথ্য দেখা যাচ্ছিল। কিন্তু ঘণ্টাখানেক পর ওয়েবসাইটের তথ্য হালনাগাদ হলে দেখা যায় ভিন্ন চিত্র।
ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র জানায়, আজকের কম্পনের উৎপত্তিস্থল আসলে নরসিংদীর পলাশ। ঢাকার সঙ্গে দূরত্ব ২৬ কিলোমিটার (একই) হলেও অবস্থানগত দিক থেকে এটি গতকালের ভূমিকম্পের উৎস নরসিংদীর মাধবদীর কাছাকাছি।
দুটি ভূমিকম্পই একই গভীরতায় হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। টানা দুইদিনের এই কম্পন রাজধানী ও আশপাশের মানুষকে আবারও মনে করিয়ে দিলো ভূমিকম্প ঝুঁকির বাস্তবতা, আর বিশেষজ্ঞদের সামনে প্রশ্ন রেখে গেল—মাধবদী–পলাশ অঞ্চলে ভূতাত্ত্বিক চাপ কি ক্রমেই জমে উঠছে।
এর আগে শুক্রবার (২১ নভেম্বর) রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা ৫.২ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছিল। এতে সারা দেশে অন্তত ১০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।