ফিচার

বিশ্ববিদ্যালয়ে ভর্তির পরে কেন বদলে যাচ্ছে শিক্ষার্থীদের মানসিক দৃষ্টিভঙ্গি?


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৫, ০৭:০০ পিএম

বিশ্ববিদ্যালয়ে ভর্তির পরে কেন বদলে যাচ্ছে শিক্ষার্থীদের মানসিক দৃষ্টিভঙ্গি?
ছবি: এআই দিয়ে তৈরি প্রতীকী ছবি।

বিশ্ববিদ্যালয় জীবনের শুরুতে থাকে স্বপ্ন, উচ্ছ্বাস আর নিজের মতো করে বেড়ে ওঠার আশাবাদ। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই আশার জায়গা দখল করে নেয় প্রতিযোগিতা, মানিয়ে নেওয়ার চাপ ও বাস্তবতার কঠিন মুখোমুখি হওয়া। বিশ্ববিদ্যালয়ের এক সময়ের কল্পিত ‘স্বাধীনতার পরিসর’ এখন অনেক শিক্ষার্থীর কাছে মানসিক সংগ্রামের প্রতীক হিসেবে পরিণত হচ্ছে।

শিক্ষার্থীরা বলছেন, একসময় তারা ভাবতেন বিশ্ববিদ্যালয় হবে শেখা ও ভাবনার মুক্ত ক্ষেত্র- কিন্তু এখন মনে হয়, এখানে থেকেই শুরু হয় বাঁচার লড়াই, এক অদ্ভুত পরিবেশের সাথে খাপ খায়িয়ে নেয়ার অবিরাম প্রচেষ্টা শুরু হয় সবার মাঝে। শুধু পড়াশোনা নয়, এখানে টিকে থাকতে হলে দরকার সামাজিক যোগাযোগ, আত্মপ্রচার এবং মানসিক সহনশীলতা। অনেকেই মনে করছেন, এই নতুন বাস্তবতা তাদের ব্যক্তিত্ব ও নৈতিকতাকে অনেকাংশেই প্রভাবিত করছে।

একজন প্রথম বর্ষের শিক্ষার্থী বলেন, “প্রথম দিনগুলোতে মনে হয়েছিল এখানে আমি নিজেকে খুঁজে পাবো। কিন্তু ধীরে ধীরে বুঝলাম, এখানে সবাই টিকে থাকার প্রতিযোগিতায় মূলত ব্যস্ত।”

বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে এখন শিক্ষা যেমন একটি লক্ষ্য তেমনি রাজনীতি, সংগঠন, ক্লাব, সামাজিক মিডিয়ার প্রভাবও শিক্ষার্থীদের জীবনের অপরিহার্য অংশ হয়ে উঠেছে। শিক্ষকেরা বলছেন, এই বহুমাত্রিক চাপ শিক্ষার্থীদের মানসিক ভারসাম্যে প্রভাব ফেলছে।

একজন শিক্ষক বলেন, “শিক্ষার্থীরা আজ তথ্যসমৃদ্ধ কিন্তু মানসিকভাবে একা। তাদের জন্য শুধু পাঠ্যজ্ঞান নয়, মানসিক প্রশিক্ষণও জরুরি বলে মনে করছি আমরা।”

বিজ্ঞান বিভাগের এক সিনিয়র শিক্ষার্থী জানান,“আগে ভাবতাম পড়ালেখাই সবকিছু, কিন্তু এখন মনে হয় বিশ্ববিদ্যালয় আসলে সমাজের একটা ছোট সংস্করণ - এখানেও আছে রাজনীতি, শ্রেণি বিভাজন, প্রতিযোগিতা।”

বিশেষজ্ঞরা মনে করেন, এই পরিবর্তন শুধুমাত্র পড়াশোনার চাপের কারণে নয়; সামাজিক কাঠামো, অর্থনৈতিক অনিশ্চয়তা ও মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতার অভাবও শিক্ষার্থীদের মনস্তত্ত্বে ভূমিকা রাখছে। অনেক বিশ্ববিদ্যালয়ে এখন নিয়মিত কাউন্সেলিং সেশন চালু হলেও শিক্ষার্থীরা মনে করেন, পরিবর্তন আসবে যখন মানসিক দিকটিকে শিক্ষা ব্যবস্থার অবিচ্ছেদ্য অংশ ধরা হবে।

বিশ্ববিদ্যালয় এখন কেবল ডিগ্রি অর্জনের জায়গা নয়; এটি হয়ে উঠেছে চিন্তা, বোধ ও মানসিক বিকাশের পরীক্ষাগার। কেউ এখানে নিজের লক্ষ্য খুঁজে পান, কেউ হারিয়ে ফেলেন নিজের ভিতরকার মানুষটিকে; যা আমাদের কাম্য নয়।

লেখক: মারুফা জাহান মুমু 
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।