ফিচার
অলসদের জন্য সুখবর, আজ আলসেমি করার দিন
সাধারণত অলস বা কুঁড়ে মানুষকে খুব একটা পছন্দ করেন না কেউই। অলসতার কারণে নানা কথা শুনতেও হয় তাদের। তবে অবাক করার মতো হলেও সত্যি, অলসতা উদযাপনের জন্যও রয়েছে একটি বিশেষ দিবস। আজ ১০ আগস্ট পালিত হচ্ছে সেই ‘জাতীয় অলস দিবস’।
প্রতিবছর ১০ আগস্ট যুক্তরাষ্ট্রে দিবসটি পালিত হয়। দিনটিতে অলসতা নিয়ে কোনো অপরাধবোধ না রেখে বিশ্রাম, ঘুম কিংবা শুয়ে-বসে সময় কাটানোর সুযোগ রয়েছে অলসপ্রিয়দের।
ধারণা করা হয়, কর্মব্যস্ত জীবনের চাপ থেকে মানুষকে কিছুটা বিরতি দেওয়ার উদ্দেশ্যেই দিবসটির প্রচলন হয়েছে। তবে কে বা কারা, ঠিক কবে থেকে দিবসটি চালু করেছিলেন, সে বিষয়ে নির্ভরযোগ্য কোনো তথ্য পাওয়া যায় না।
এ নিয়ে মজার একটি কথাও প্রচলিত আছে- হয়তো দিবসটির উদ্যোক্তারাই এতটাই অলস ছিলেন যে, এটি চালুর ইতিহাস লিখে রাখার কাজটুকুও করতে পারেননি!
তাই আজকের দিনটিতে কাজের ব্যস্ততা থেকে একটু দূরে থেকে নিজের জন্য সময় কাটাতে পারেন। ইচ্ছা হলে দীর্ঘ সময় ঘুমিয়ে, বই পড়ে কিংবা নিছক শুয়ে-বসে কাটিয়ে দিতে পারেন দিনটি। তবে অলসতার এই ছুটির পর আবার নিয়মিত কাজে ফিরতে ভুলে গেলে চলবে না।