স্বাস্থ্য

দেশের বৃহত্তর স্বার্থে নবীন চিকিৎসকদের রাজনীতি থেকে দূরে রাখার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০১ মার্চ ২০২৬, ০৬:৩৩ পিএম

দেশের বৃহত্তর স্বার্থে নবীন চিকিৎসকদের রাজনীতি থেকে দূরে রাখার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. শাখাওয়াত হোসেন। ছবি: সংগৃহীত

নবীন চিকিৎসকদের দেশের বৃহত্তর স্বার্থে রাজনীতির বাইরে রাখার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. শাখাওয়াত হোসেন।

রোববার (১ মার্চ) বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়-এর রেসিডেন্সি প্রোগ্রামে নবীন চিকিৎসকদের ইনডাকশন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিভিন্ন জরিপে দেখা যায়—ছাত্রছাত্রীদের বড় একটি অংশ মনে করেন রাজনীতি শিক্ষা কার্যক্রমে ব্যাঘাত ঘটায়। তিনি শিক্ষক-শিক্ষিকাদের উদ্দেশে অনুরোধ জানান, যেন শিক্ষার্থীদের ওপর রাজনৈতিক চাপ সৃষ্টি না করা হয়। বরং গবেষণা ও দক্ষতা উন্নয়নে কীভাবে আরও সুযোগ তৈরি করা যায়, সে বিষয়ে গুরুত্ব দিতে বলেন।

তিনি আরও বলেন, চিকিৎসা পেশায় শেখার শেষ নেই। শুধু বই পড়লেই যথেষ্ট নয়; রোগী দেখা ও বাস্তব অভিজ্ঞতার মধ্য দিয়েই প্রকৃত শিক্ষা অর্জন সম্ভব। চিকিৎসকদের মানবিক আচরণ ও রোগীদের সঙ্গে আন্তরিক ব্যবহার নিশ্চিত করার ওপরও জোর দেন তিনি।

দেশের অনেক রোগী চিকিৎসার জন্য বিদেশে যান উল্লেখ করে মন্ত্রী বলেন, চিকিৎসার মানের পাশাপাশি চিকিৎসকদের আচরণও এ প্রবণতার একটি কারণ হতে পারে।

স্বাস্থ্যমন্ত্রী জানান, স্বাস্থ্য খাতে অবকাঠামোগত উন্নয়নেও সরকার গুরুত্ব দিচ্ছে। মলিকুলার ল্যাব স্থাপন ও চিকিৎসকদের আবাসন সুবিধা নিয়ে প্রস্তাব প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ৬৬ একর জমির উন্নয়ন প্রকল্প নিয়েও কাজ করার আগ্রহের কথা জানান তিনি।

একই অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত বলেন, দায়িত্ববোধ কেবল দেশ ও সমাজের জন্য নয়, ব্যক্তিগত পেশাগত উন্নয়নের জন্যও গুরুত্বপূর্ণ। তিনি চিকিৎসকদের ক্লিনিক্যাল দক্ষতা বাড়ানোর পাশাপাশি আজীবন শেখার মনোভাব ধরে রাখার আহ্বান জানান।