স্বাস্থ্য

হাসপাতালের অব্যবস্থাপনার বিরুদ্ধে কথা বলায় নারী নেত্রী অবরুদ্ধ


নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৪ মার্চ ২০২৬, ১০:১৫ পিএম

হাসপাতালের অব্যবস্থাপনার বিরুদ্ধে কথা বলায় নারী নেত্রী অবরুদ্ধ
ছবি: ঢাকাপ্রকাশ

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের অব্যবস্থাপনা, রোগীর ভোগান্তি ও হয়রানির বিরুদ্ধে কথা বলায় টাঙ্গাইল জেলা ছাত্র ফেডারেশনের সভাপতি এবং জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক নারী নেত্রী ফাতেমা রহমান বীথিকে অবরুদ্ধ ও শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে।

বুধবার (৪ মার্চ) টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে এ ঘটনা ঘটে। এমন ঘটনায় পুরো জেলাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা যায়, বুধবার সকালে স্ট্রোকে আক্রান্ত এক রোগীর খোঁজখবর নিতে হাসপাতালে যান ফাতেমা রহমান বীথি। এক পর্যায়ে অব্যবস্থাপনা নিয়ে কথা বলায় হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। পরে বীথিকে হাসপাতালের ভেতরে অবরুদ্ধ করে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় বলে অভিযোগ ওঠে।

পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় ফাতেমা রহমান বীথি বলেন, তিনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত এক রোগীর খোঁজখবর জানতে এক চিকিৎসকের কাছে গিয়েছিলেন। এ সময় তাকে এক ইন্টার্ন চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়। এক পর্যায়ে তিনি উচ্চস্বরে কথা বলতে থাকেন। ইন্টার্ন চিকিৎসকদের ডেকে ভিডিও করতে বলেন। পরে তারা তাকে অবরুদ্ধ করে রাখেন। ‘দিপু’ নামের এক ইন্টার্ন চিকিৎসক তার গায়ে হাতও তুলেছেন বলে অভিযোগ করেন তিনি।

ভুক্তভোগী আরও বলেন, তিনি টাঙ্গাইলের একজন সচেতন নাগরিক। যেখানে জনগণের টাকায় সরকারি কর্মচারীদের বেতন হয়, সেখানে অব্যবস্থার বিরুদ্ধে কথা বলতে গেলেই অবরুদ্ধ ও লাঞ্ছিত হতে হয়। তিনি এমন আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

এ ব্যাপারে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মোহাম্মদ আব্দুল কুদ্দুছ বলেন, নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি থেকে বাকবিতণ্ডার সৃষ্টি হয়েছিল। প্রশাসনের সহযোগিতায় বিষয়টি সমাধান করা হয়েছে। কোনো পুরুষ ইন্টার্ন চিকিৎসক গায়ে হাত দিয়ে থাকলে তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।