স্বাস্থ্য
ভুয়া নার্স দিয়ে চিকিৎসা, চুয়াডাঙ্গায় লাইফ কেয়ার মেডিকেল সেন্টার সিলগালা
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় অস্বাস্থ্যকর পরিবেশে ও অবৈধভাবে ক্লিনিক পরিচালনার দায়ে লাইফ কেয়ার মেডিকেল সেন্টার সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মামুন অর রশীদ শাওনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ধারায় ২ লাখ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
শনিবার (৭ মার্চ) বেলা সাড়ে ১১টা থেকে বিকাল পর্যন্ত কার্পাসডাঙ্গা, দামুড়হুদা সদর ইউনিয়ন ও দর্শনা পৌর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় এই জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, লাইফ কেয়ার মেডিকেল সেন্টারে যারা নার্সের দায়িত্ব পালন করেন তারা কেউই নিবন্ধিত নার্স নন। নার্সিংয়ের ওপর প্রশিক্ষণ না থাকলেও তারাই রোগীদের শরীরে বিভিন্ন ধরনের ইনজেকশন পুশ করেন। এছাড়া রোগ পরীক্ষার জন্য স্যাম্পল সংগ্রহের দায়িত্বে থাকা ব্যক্তিও অনুমোদিত নন।
দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিন আলম বলেন, পরিদর্শনের সময় লাইফ কেয়ার মেডিকেল সেন্টার কর্তৃপক্ষ কোনো লাইসেন্স দেখাতে পারেনি। এছাড়া অপারেশন ও পোস্ট-অপারেটিভ ব্যবস্থাপনাও সঠিকভাবে করা হয়নি। সেখানে কর্মরত নার্সও নিবন্ধিত নন। পরিবেশ ও বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম এমনভাবে রাখা হয়েছে, যা মানবদেহের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
তিনি আরও বলেন, উপজেলার বিভিন্ন স্থানে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে এবং ত্রুটিপূর্ণ, অনিয়ম ও অনুমোদনহীন সকল ল্যাব, ক্লিনিক ও বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মশিউর রহমান বলেন, মানহীন স্বাস্থ্যসেবা প্রদান, মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট দিয়ে প্যাথলজি পরিচালনা, অপরিচ্ছন্ন অপারেশন রুম এবং স্বাস্থ্য অধিদপ্তরের নিবন্ধন সনদ না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে লাইফ কেয়ার মেডিকেল সেন্টার সিলগালা করে বন্ধ করে দেওয়া হয়েছে। একই সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।
চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. হাদী জিয়া উদ্দিন আহমেদ বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নতুন নির্দেশনার আলোকে অভিযান শুরু হয়েছে। তারই পরিপ্রেক্ষিতে হাসপাতালটি সিলগালা ও জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।