স্বাস্থ্য

হাম ও উপসর্গে আরও ১৩ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৫১২


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৩ মে ২০২৬, ০৩:৩৬ পিএম

হাম ও উপসর্গে আরও ১৩ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৫১২
ছবি: সংগৃহীত

দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে শিশুমৃত্যুর সংখ্যা উদ্বেগজনকভাবে বাড়ছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্যে জানা গেছে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট ৫১২ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মারা গেছে আরও ১৩ শিশু।

শনিবার (২৩ মে) প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের হামসংক্রান্ত প্রতিবেদনে বলা হয়, নতুন মৃতদের মধ্যে একজন শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছিল। সে বরিশাল বিভাগের বাসিন্দা। এছাড়া হামের উপসর্গে ঢাকায় চারজন, চট্টগ্রামে দুইজন, সিলেটে চারজন, বরিশালে একজন এবং ময়মনসিংহে একজন শিশুর মৃত্যু হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৪২৬ শিশু। একই সময়ে হাম শনাক্ত হওয়ার পর মৃত্যুবরণ করেছে আরও ৮৬ শিশু।

এদিকে গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে ১ হাজার ৯৬৭ শিশুর শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬২ হাজার ৫০৭ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, আক্রান্ত শিশুদের মধ্যে ৪৯ হাজার ৩৮৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৪৫ হাজার ১১ জন।