সারাবিশ্ব
সুদানে সোনার খনি ধসে প্রাণ গেল ৮২ জনের, চলছে উদ্ধার অভিযান
আফ্রিকার দেশ সুদানের দক্ষিণাঞ্চলে একটি সোনার খনি ধসে অন্তত ৮২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫০ জন। খনির ভেতরে আরও অনেকে আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
ঘটনাস্থলটি নিয়ন্ত্রণ করছে সুদানের আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্স। বাহিনীটির একটি সূত্র বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, এখনো অজ্ঞাতসংখ্যক মানুষ খনির ভেতরে আটকা পড়ে আছেন। সেখানে ধীরগতিতে উদ্ধার অভিযান চলছে।
মঙ্গলবার খনিটি ধসে পড়ার সময় সেখানে কয়েক ডজন শ্রমিক কাজ করছিলেন। পরে বুধবার ১৬ সেপ্টেম্বর সকালে খনি থেকে ৮২ জনের মরদেহ উদ্ধার করা হয়।
খনি থেকে জীবিত ফিরে আসা শ্রমিক খায়ের আল সায়েদ জাবারা জানিয়েছেন, খনির ভেতরে এখনো কতজন আটকা পড়ে আছেন, তা জানা যায়নি। শ্রমিকরা সারারাত ধরে উদ্ধার অভিযান চালিয়েছেন। সোনা আহরণের কাজে ব্যবহৃত সরঞ্জাম দিয়েই উদ্ধারকাজ চালানো হচ্ছে।
তিনি বলেন, জীবিত ও মৃত সবাইকে উদ্ধারের জন্য শ্রমিকরা সর্বোচ্চ চেষ্টা করছেন। তবে পাথর ও মাটি সরানোর জন্য ভারী সরঞ্জামের প্রয়োজন হওয়ায় উদ্ধারকাজ কঠিন হয়ে পড়েছে।
২০২৩ সালে সুদানের সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী আরএসএফের মধ্যে সংঘাত শুরু হয়। এরপর দেশটি গৃহযুদ্ধের কবলে পড়ে। এই সংঘাতের অর্থের বড় একটি অংশ সোনার খনি থেকে আসছে বলে জানা যায়।
যুদ্ধের কারণে দেশটিতে বেকারত্ব বেড়ে যাওয়ায় অনেক সুদানি যুবক অনুমোদনহীন সোনার খনিতে ঝুঁকিপূর্ণ কাজে যুক্ত হচ্ছেন। দেশটির বেশিরভাগ সোনা হাতের মাধ্যমে আহরণ করা হয় এবং এসব ছোট আকারের খনিতে কয়েক ডজন শ্রমিক একসঙ্গে কাজ করেন।
সূত্র: এএফপি