সারাবিশ্ব

ব্রিকস সম্মেলনে যোগ দেওয়ার পর অসুস্থ চীন ও দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৪ এএম

ব্রিকস সম্মেলনে যোগ দেওয়ার পর অসুস্থ চীন ও দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট
ছবি: সংগৃহীত

ভারতে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনের পর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার অসুস্থতার খবর সামনে এসেছে। তবে শি জিনপিংয়ের অসুস্থতা নিয়ে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া দাবির সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি। চীন সরকারের পক্ষ থেকেও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য জানানো হয়নি।

চায়না ডেমোক্রেসি পার্টির চেয়ারম্যান ওয়ানজুন শিয়ে দাবি করেছেন, ভারতে ব্রিকস সম্মেলন চলাকালে স্ট্রোকে আক্রান্ত হয়ে জ্ঞান হারিয়েছিলেন শি জিনপিং। পরে চিকিৎসার জন্য বিশেষ বিমানে তাকে চীনে ফিরিয়ে নেওয়া হয় বলেও দাবি করেন তিনি।

সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে ওয়ানজুন শিয়ে বলেন, দিল্লিতে শি জিনপিংয়ের সঙ্গে থাকা চিকিৎসকেরা জরুরি ভিত্তিতে তার চিকিৎসা করেন। এরপর বিশেষ বিমানে তাকে চীনের উদ্দেশে নিয়ে যাওয়া হয়। বেইজিং বিমানবন্দরে বিমানটি পৌঁছানোর পর তাকে সামরিক কপ্টারে করে বেইজিংয়ের ৩০১ নম্বর হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অস্ত্রোপচার করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

ওয়ানজুনের দাবি, শি জিনপিং ভারতের কোনো হাসপাতালে চিকিৎসা নিতে রাজি হননি। ভারতে চিকিৎসা করালে তার স্বাস্থ্যসংক্রান্ত তথ্য দেশটির হাতে চলে যেতে পারে, এমন আশঙ্কা থেকেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছিলেন বলেও দাবি করেন ওয়ানজুন।

তবে এসব দাবির পক্ষে কোনো স্বাধীন প্রমাণ পাওয়া যায়নি। চীন সরকারের পক্ষ থেকেও শি জিনপিংয়ের অসুস্থতা বা অস্ত্রোপচার নিয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে, ব্রিকস সম্মেলন থেকে দেশে ফেরার পর অসুস্থ হয়ে পড়েছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। তার দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চিকিৎসকদের পরামর্শে তিনি বর্তমানে বিশ্রামে রয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বিশ্রামে থাকা অবস্থায় রামাফোসা কোনো জনসংযোগমূলক কর্মসূচিতে অংশ নেবেন না। এ সময়ে দেশের প্রতিনিধিত্ব করবেন মন্ত্রিসভার সদস্যরা।

তবে রামাফোসা ভারতে থাকা অবস্থায় অসুস্থ হয়েছিলেন, নাকি দেশে ফেরার পর অসুস্থ হয়ে পড়েছেন, সে বিষয়ে এখন পর্যন্ত স্পষ্ট কোনো তথ্য জানানো হয়নি।

সূত্র: আনন্দবাজার অনলাইন