সারাবিশ্ব

রাশিয়ার ড্রোনে হামলা করল পোল্যান্ড ও ন্যাটো বাহিনী


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫৬ পিএম

রাশিয়ার ড্রোনে হামলা করল পোল্যান্ড ও ন্যাটো বাহিনী
ছবি: সংগৃহীত

ইউক্রেনে রাশিয়ার বিমান হামলার সময় পোল্যান্ডের আকাশসীমা লঙ্ঘনের ঘটনা ঘটেছে। এক ডজনেরও বেশি ড্রোন প্রবেশ করলে পোলিশ সেনাবাহিনী এবং ন্যাটো বাহিনী যৌথভাবে তা ভূপাতিত করে।

বুধবার ভোরে ঘটে যাওয়া এ ঘটনাকে প্রথমবারের মতো পোলিশ ও ন্যাটো বাহিনীর সরাসরি সংঘাতে জড়িয়ে পড়া হিসেবে দেখা হচ্ছে। খবর আলজাজিরার।

পোলিশ সেনাবাহিনী জানিয়েছে, রাশিয়ার হামলার সময় তাদের আকাশসীমায় বারবার ড্রোন অনুপ্রবেশ করে। এ কারণে জরুরি পরিস্থিতি তৈরি হয় এবং যুদ্ধবিমানগুলো তৎপর হয়ে ওঠে। পোলিশ সশস্ত্র বাহিনীর অপারেশনাল কমান্ড জানিয়েছে, আক্রমণ ঠেকাতে অস্ত্র ব্যবহার করা হয়েছে এবং ধ্বংস হওয়া লক্ষ্যবস্তুগুলো শনাক্ত করতে অভিযান চালানো হচ্ছে।

পোলিশ ও ন্যাটো বাহিনী একযোগে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে। স্থলভিত্তিক বিমান প্রতিরক্ষা এবং রাডার সিস্টেম সর্বোচ্চ পর্যায়ে চালু করা হয়েছে। কমান্ড জানায়, “আমাদের আকাশসীমায় পোলিশ ও মিত্র বিমানগুলো কাজ করছে, যাতে সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা যায়।”

পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক জানিয়েছেন, আকাশসীমা লঙ্ঘনের ঘটনায় অভিযান চলছে। শত্রু ড্রোনের ধ্বংসাবশেষ সংগ্রহে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এখনো পর্যন্ত এ ঘটনায় হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

ইউক্রেন মনে করছে, রাশিয়া ইচ্ছাকৃতভাবে এ ধরনের পদক্ষেপ নিয়ে পশ্চিমা দেশগুলোকে পরীক্ষা করছে। আকাশসীমা লঙ্ঘনের মাধ্যমে রাশিয়া পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে বলে তাদের অভিযোগ।