সারাবিশ্ব
গাজায় একদিনেই ১০৪ জন নিহত, মোট প্রাণহানি ছাড়াল ৬০ হাজার
ইসরায়েলি বাহিনীর টানা হামলায় বিধ্বস্ত ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রতিদিনই বাড়ছে হতাহতের সংখ্যা। সর্বশেষ বুধবার (৩০ জুলাই) একদিনেই ইসরায়েলি বিমান বাহিনীর গোলাবর্ষণে প্রাণ হারিয়েছেন অন্তত ১০৪ জন ফিলিস্তিনি এবং আহত হয়েছেন আরও ৩৯৯ জন।
ফলে চলমান যুদ্ধের শুরু থেকে এ পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০ হাজার ১৩৮ জনে।
তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি এক প্রতিবেদনে জানিয়েছে, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েলি বাহিনী হামলা শুরু করে। বুধবার পর্যন্ত এই দীর্ঘ সময়ে আহতের সংখ্যা বেড়ে হয়েছে প্রায় ১ লাখ ৪৬ হাজার ২০০ জন।
উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর গাজার শাসকগোষ্ঠী হামাস ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামলা চালিয়ে ১ হাজার ২০০ জন ইসরায়েলিকে হত্যা এবং ২৫১ জনকে জিম্মি করে নিয়ে যায়। এরপর থেকেই গাজায় বড় পরিসরে সামরিক অভিযান চালিয়ে আসছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (IDF)।
নানা আন্তর্জাতিক চাপ ও মানবিক সংকট সত্ত্বেও থেমে নেই হামলা। বিধ্বস্ত হয়ে পড়েছে গাজার হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, আবাসিক ভবনসহ মৌলিক অবকাঠামো। হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন।
জাতিসংঘ ও মানবাধিকার সংস্থাগুলো অবিলম্বে যুদ্ধবিরতি ও মানবিক সহায়তা প্রবেশে বাধা না দেওয়ার আহ্বান জানালেও পরিস্থিতির তেমন কোনো উন্নতি হয়নি। বরং প্রতিদিনই নতুন করে লাশের মিছিল দীর্ঘতর হচ্ছে গাজার রক্তাক্ত প্রান্তরে।