সারাবিশ্ব
গাজায় ইসরায়েলি হামলায় আরও ৯৪ ফিলিস্তিনি নিহত
অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর লাগাতার হামলায় আরও ৯৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। সোমবার (৪ আগস্ট) তুরস্কের রাষ্ট্রীয় বার্তাসংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
গাজায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি বাহিনীর সর্বশেষ হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০ হাজার ৯৩৩ জনে। আহত হয়েছেন আরও অন্তত ১ লাখ ৫০ হাজার ২৭ জন।
মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, শুধু গত ২৪ ঘণ্টায় গাজার বিভিন্ন এলাকায় চালানো হামলায় নিহত হয়েছেন ৯৪ জন, আহত হয়েছেন ৪৩৯ জন। বহু মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন অথবা রাস্তায় পড়ে রয়েছেন। সেখানে উদ্ধারকর্মীদের পৌঁছানো সম্ভব হচ্ছে না বলে বাস্তব পরিস্থিতিতে নিহতের সংখ্যা আরও বেশি হতে পারে।
বিবৃতিতে আরও বলা হয়, সোমবার ত্রাণ সংগ্রহ করতে আসা ফিলিস্তিনিদের ওপরও হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এসব হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ২৯ জন, আহত হয়েছেন আরও ৩০০ জন।
গাজায় চলমান এই আগ্রাসনের জন্য আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলকে যুদ্ধাপরাধ ও গণহত্যার অভিযোগে বিচারের মুখোমুখি করা হয়েছে। গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। পাশাপাশি আন্তর্জাতিক বিচার আদালতেও (আইসিজে) গণহত্যার অভিযোগে চলছে বিচারিক প্রক্রিয়া।
তবে এসব আন্তর্জাতিক পদক্ষেপের মধ্যেও থেমে নেই ইসরায়েলের হামলা। বরং বেসামরিক মানুষের ওপর ক্রমাগত হামলা ও মানবিক সহায়তার পথ রুদ্ধ করায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠছে। এতে বিশ্বজুড়ে নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছে বিভিন্ন মানবাধিকার সংগঠন ও রাষ্ট্রগুলো।