সারাবিশ্ব
শনিবার থেকে গাজায় ২৩০ বার বিমান হামলা, নিহত ১১৮ ফিলিস্তিনি
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর টানা বিমান হামলায় গত শনিবার (৪ অক্টোবর) থেকে অন্তত ১১৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজা গভর্নমেন্ট মিডিয়া অফিস। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর প্রকাশ করেছে।
সরকারি বিবৃতিতে জানানো হয়, শনিবার থেকে এ পর্যন্ত ইসরায়েলি বাহিনী গাজায় অন্তত ২৩০টি বিমান হামলা চালিয়েছে। এসব হামলায় বহু ভবন ও আবাসিক এলাকা ধ্বংস হয়েছে। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। শুধু গাজা শহরেই প্রাণ হারিয়েছেন অন্তত ৭২ জন ফিলিস্তিনি।
গাজা কর্তৃপক্ষের বিবৃতিতে বলা হয়, “ইসরায়েলি দখলদার বাহিনী আমাদের জনগণের বিরুদ্ধে নির্মম আগ্রাসন অব্যাহত রেখেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির আহ্বান ও প্রস্তাবের প্রতিও তারা কোনো ইতিবাচক সাড়া দেয়নি।”
এর আগে শনিবার সকালে এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে তাৎক্ষণিকভাবে গাজায় বোমাবর্ষণ বন্ধ করার আহ্বান জানান। তিনি বলেন, “হামাস দীর্ঘমেয়াদি শান্তির জন্য প্রস্তুত রয়েছে, তাই এখন যুদ্ধ নয়, আলোচনার সময়।”
তবে ট্রাম্পের এই আহ্বানের পরও ইসরায়েলি বাহিনী বিমান হামলা অব্যাহত রেখেছে বলে অভিযোগ করেছে গাজার কর্তৃপক্ষ।
স্থানীয় সূত্র জানায়, হামলায় অন্তত ডজনখানেক পরিবার সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে গেছে। ধ্বংসস্তূপের নিচে এখনও বহু মানুষ আটকা পড়ে আছে, যাদের উদ্ধারে কাজ করছে স্থানীয় স্বেচ্ছাসেবী ও আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলো।
গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহে আহতের সংখ্যা চার শতাধিক ছাড়িয়েছে, যাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। হাসপাতালগুলোতে চিকিৎসা সামগ্রী ও বিদ্যুতের তীব্র সংকট তৈরি হয়েছে।
অন্যদিকে, আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে তাৎক্ষণিক যুদ্ধবিরতির আহ্বান জানানো হলেও এখন পর্যন্ত ইসরায়েলি সরকার তাদের অবস্থান পরিবর্তনের কোনো ইঙ্গিত দেয়নি।
সূত্র: আল জাজিরা