সারাবিশ্ব
বিয়ে করলেই মিলবে ১৬ লাখ টাকা অনুদান, সন্তান জন্মের পর হবে দিগুণ
পরিবার গঠন ও বিবাহে আগ্রহ বাড়াতে সংযুক্ত আরব আমিরাতের একটি শীর্ষস্থানীয় ব্যবসায়িক প্রতিষ্ঠান তাদের কর্মীদের জন্য বিশেষ আর্থিক প্রণোদনার ঘোষণা দিয়েছে। আল হাবতুর গ্রুপ জানিয়েছে, প্রতিষ্ঠানটিতে কর্মরত আমিরাতি নাগরিকরা বিয়ে করলে তাদের দেওয়া হবে ৫০ হাজার দিরহাম, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৬ লাখ টাকার সমান।
দুবাইয়ের খ্যাতনামা ব্যবসায়ী ও আল হাবতুর গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খালাফ আল হাবতুর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ঘোষণায় এই উদ্যোগের কথা জানান। তিনি বলেন, বিয়ের পর দুই বছরের মধ্যে যদি কোনো কর্মীর সন্তান জন্ম নেয়, তাহলে ওই অনুদানের পরিমাণ দ্বিগুণ করা হবে।
খালাফ আল হাবতুর তার পোস্টে উল্লেখ করেন, বিবাহ ও পরিবার গঠন কেবল ব্যক্তিগত সিদ্ধান্ত নয়, বরং এটি সমাজ ও রাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ দায়িত্ব। সুস্থ পরিবারই একটি শক্তিশালী জাতি ও টেকসই কমিউনিটির ভিত্তি গড়ে তোলে।
তিনি আরও বলেন, আমিরাত সরকার দীর্ঘদিন ধরেই তরুণদের পারিবারিক জীবন শুরু করতে নানাভাবে সহায়তা দিয়ে আসছে। তবে শুধু সরকারের উদ্যোগ যথেষ্ট নয়, বেসরকারি খাতসহ সমাজের সব পক্ষের বাস্তব ভূমিকা থাকা প্রয়োজন।
এই প্রেক্ষাপটে তিনি ঘোষণা দেন, চলতি বছরে আল হাবতুর গ্রুপে কর্মরত যেকোনো আমিরাতি যুবক বা তরুণী যদি বিবাহের সিদ্ধান্ত নেন, তাহলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে তাদের ৫০ হাজার দিরহাম আর্থিক সহায়তা দেওয়া হবে। সন্তান জন্মের মাধ্যমে পরিবার সম্প্রসারিত হলে এই সহায়তা আরও বাড়ানো হবে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৫ সালে সংযুক্ত আরব আমিরাতের মোট জনসংখ্যা প্রায় ১ কোটি ১৫ লাখে পৌঁছেছে। এর মধ্যে স্থানীয় নাগরিকদের সংখ্যা মোট জনসংখ্যার প্রায় ১৫ শতাংশ। দেশটির ফেডারেল ও স্থানীয় সরকার ইতোমধ্যে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে নাগরিকদের আর্থিক সহায়তা এবং সরকারি-বেসরকারি খাতে তাদের অংশগ্রহণ বাড়াতে কাজ করে যাচ্ছে।