সারাবিশ্ব

কুয়েতে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার দাবি আইআরজিসির


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ১১ মার্চ ২০২৬, ১০:৫৩ এএম

কুয়েতে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার দাবি আইআরজিসির
ছবি: সংগৃহীত

কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ক্যাম্প আরিফজান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। বুধবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আইআরজিসি জানিয়েছে, মধ্যপ্রাচ্যে মোতায়েনকৃত মার্কিন বাহিনীর গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে তারা চারটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর মধ্যে দুটি ক্ষেপণাস্ত্র কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ক্যাম্প আরিফজানকে লক্ষ্য করে ছোড়া হয়েছে বলে দাবি করা হয়। এই ঘাঁটিটি মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের অন্যতম গুরুত্বপূর্ণ লজিস্টিক ও সমন্বয় কেন্দ্র হিসেবে বিবেচিত।

প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এই হামলার দাবি সামনে এসেছে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানকে তার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি থেকে বিরত রাখতে যৌথভাবে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর জবাবে ইরানও পাল্টা প্রতিক্রিয়া হিসেবে ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করে আসছে।

এছাড়া ইরান জানিয়েছে, মধ্যপ্রাচ্যের যেসব দেশে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে অথবা যেখানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের স্বার্থ জড়িত—সেসব এলাকাকেও লক্ষ্যবস্তুতে পরিণত করা হতে পারে। বিশ্লেষকদের মতে, চলমান সংঘাত ইতোমধ্যে মধ্যপ্রাচ্যের অন্তত ১৪টি দেশে বিভিন্ন মাত্রায় প্রভাব ফেলেছে, যা অঞ্চলটির নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

সূত্র: আল-জাজিরা।