সারাবিশ্ব

‘নকল ড্রোন’ ব্যবহার করে ইরানকে ফাঁসানোর অভিযোগ যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ১৫ মার্চ ২০২৬, ১১:০৩ এএম

‘নকল ড্রোন’ ব্যবহার করে ইরানকে ফাঁসানোর অভিযোগ যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে
ছবি: সংগৃহীত

ইরানকে ফাঁসাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের তৈরি ড্রোনের আদলে তৈরি ‘নকল ড্রোন’ ব্যবহার করছে বলে অভিযোগ করেছে তেহরান।

ইরানের খাতাম আল-আম্বিয়া সদর দপ্তর দাবি করেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের শাহেদ ড্রোনের আদলে তৈরি ‘লুকাস’ ড্রোন ব্যবহার করে মধ্যপ্রাচ্যের বিভিন্ন এলাকায় হামলা চালাচ্ছে এবং পরে সেই হামলার দায় ইরানের ওপর চাপিয়ে দিচ্ছে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম আইআরআইবি-তে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে তুরস্ক, কুয়েত ও ইরাকের মতো প্রতিবেশী ও বন্ধুপ্রতীম দেশগুলোর বিভিন্ন স্থাপনায় হামলার ঘটনা এর উদাহরণ। এসব হামলার দায় ইরানি সশস্ত্র বাহিনীর ওপর চাপানোর চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, এই কৌশলের মূল উদ্দেশ্য হলো ইরানের সামরিক বাহিনীর প্রতিরক্ষামূলক ও বৈধ পদক্ষেপকে প্রশ্নবিদ্ধ করা এবং একই সঙ্গে তেহরানের সঙ্গে প্রতিবেশী দেশগুলোর মধ্যে বিভেদ ও উত্তেজনা সৃষ্টি করা।

তবে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের পক্ষ থেকে এখন পর্যন্ত এই অভিযোগের বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।