সারাবিশ্ব

আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি শ্রদ্ধা জানাল সৌদি


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ০৯:২৪ পিএম

আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি শ্রদ্ধা জানাল সৌদি
ছবি: সংগৃহীত

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি শ্রদ্ধা জানিয়েছে সৌদি আরব। শুক্রবার (৩ জুলাই) সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল খেরেজির নেতৃত্বে একটি প্রতিনিধি দল তেহরানে গিয়ে তার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করে।

এর আগে সৌদি আরব প্রতিনিধি দল পাঠাবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা ছিল। তবে শেষ পর্যন্ত দেশটি পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল ইরানে পাঠায়।

খামেনির প্রতি শেষ শ্রদ্ধা জানাতে সপ্তাহব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে ইরান। শুক্রবার আনুষ্ঠানিকভাবে কর্মসূচির সূচনা হয়। প্রথম দিনে শুধু বিদেশি প্রতিনিধিদের জন্য তার মরদেহ রাখা হয়। শনিবার থেকে সাধারণ মানুষের শ্রদ্ধা জানানোর জন্য কফিন উন্মুক্ত স্থানে নেওয়া হবে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলার পর উত্তেজনা বাড়ে মধ্যপ্রাচ্যে। পাল্টা প্রতিক্রিয়ায় ইরান সৌদি আরবসহ উপসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশে থাকা মার্কিন স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালায়। এতে আঞ্চলিক সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়।

এমন পরিস্থিতির মধ্যেও খামেনির প্রতি সৌদির এই শ্রদ্ধা জানানোকে কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

হামলার দিনই খামেনি তার পরিবারের সদস্যদের সঙ্গে নিহত হন। তবে গালফ অঞ্চলের দেশগুলো এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে শোক প্রকাশ করেনি। বিশ্লেষকদের মতে, নতুন নেতৃত্ব নিয়ে অবস্থান স্পষ্ট না করতেই এই নীরবতা বজায় রাখা হচ্ছে।