সারাবিশ্ব

খামেনির মরদেহ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে নাজাফে পেজেশকিয়ান ও ইরাকের প্রধানমন্ত্রী


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ০৬:৩২ পিএম

খামেনির মরদেহ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে নাজাফে পেজেশকিয়ান ও ইরাকের প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ গ্রহণ ও শেষ বিদায় অনুষ্ঠানে যোগ দিতে ইরাকে অবস্থান করছেন দেশটির রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান। খামেনির মরদেহ নাজাফ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় অভ্যর্থনা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদি।

বুধবার (৮ জুলাই) নাজাফ ও পবিত্র নগরী কারবালায় খামেনির জানাজার মিছিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে লাখ লাখ শিয়া মুসলমানের অংশগ্রহণের আশা করা হচ্ছে। এই উপলক্ষে ইরাকে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।

জানাজায় অংশগ্রহণের পাশাপাশি রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান ইরাকের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও করেন। বাগদাদে প্রধানমন্ত্রী আলী আল-জাইদির সঙ্গে বৈঠকে তিনি জানাজা ও অভ্যর্থনা অনুষ্ঠানের সুষ্ঠু আয়োজনের জন্য ইরাকি সরকার ও জনগণকে ধন্যবাদ জানান।

পেজেশকিয়ান বলেন, ইরাকের এই আতিথেয়তা দুই দেশের ঐতিহাসিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সম্পর্কের গভীরতার প্রতিফলন এবং ইসলামী সংহতির প্রতীক। একই সঙ্গে তিনি দুই দেশের কৌশলগত সম্পর্ক আরও জোরদার করতে ইরাকি প্রধানমন্ত্রীকে তেহরান সফরের আমন্ত্রণ জানান।

সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতির প্রসঙ্গ তুলে তিনি মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা, নিরাপত্তা ও দীর্ঘস্থায়ী শান্তির ওপর গুরুত্বারোপ করেন। আন্তর্জাতিক চুক্তি বিষয়ে যুক্তরাষ্ট্রের সমালোচনা করে তিনি বলেন, অতীতে দেশটি তার প্রতিশ্রুতি রক্ষা করেনি। তবে ইরান কোনো চুক্তি ভঙ্গ করবে না বলেও আশ্বস্ত করেন।

ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদি বলেন, খামেনির জানাজায় অংশ নেওয়া ইরাকি জনগণের জন্য একটি নৈতিক ও ধর্মীয় দায়িত্ব। তিনি প্রয়াত এই নেতাকে ইসলামী বিশ্বের একজন প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে উল্লেখ করেন এবং পারস্পরিক সম্মান ও সুসম্পর্ক বজায় রেখে ইরানের সঙ্গে কৌশলগত সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।