সারাবিশ্ব
ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হয়নি, সামনে আরও বড় হামলা হবে: নেতানিয়াহু
ইরানের সঙ্গে চলমান সংঘাত এখনও শেষ হয়নি বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি সতর্ক করে বলেন, সামনে আরও বড় ধরনের সামরিক হামলা হতে পারে।
বৃহস্পতিবার (০৯ জুলাই) দক্ষিণ ইসরায়েলের হাতজেরিম বিমানঘাঁটিতে বিমান বাহিনীর স্নাতক সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন। নেতানিয়াহু জানান, যুদ্ধ শেষ হয়নি এবং সামনে নতুন চ্যালেঞ্জ অপেক্ষা করছে।
তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতিতে আকাশসীমায় আধিপত্য বজায় রাখা ইসরায়েলের জাতীয় নিরাপত্তার অন্যতম প্রধান ভিত্তি। আঞ্চলিক স্থিতিশীলতা ধরে রাখতে এই সক্ষমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন তিনি।
একই অনুষ্ঠানে দেশটির সেনাপ্রধান ইয়াল জামির বলেন, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান এখনো শেষ হয়নি। নতুন পরিকল্পনা প্রস্তুত রয়েছে এবং প্রয়োজনে আরও বড় ধরনের অভিযান পরিচালনা করা হতে পারে। এজন্য সেনাদের সর্বোচ্চ প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।
এদিকে হরমুজ প্রণালিতে তিনটি বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার পর গত দুই দিনে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে পাল্টাপাল্টি হামলা নতুন করে শুরু হয়েছে।
এর আগে গত ফেব্রুয়ারিতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলা চালায়। ইরানের দাবি, ওই হামলায় তিন হাজারের বেশি মানুষ নিহত হন, যার মধ্যে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিও ছিলেন। পাল্টা জবাবে ইরান ইসরায়েল ও উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়।
সংঘাত নিরসনে গত ১৭ জুন পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্র একটি সমঝোতা স্মারকে সই করলেও বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, ওই সমঝোতা কার্যত শেষ হয়ে গেছে। এরপরই দুই পক্ষের মধ্যে সামরিক উত্তেজনা আরও বেড়ে যায়।
সূত্র : মিডল ইস্ট মনিটর