সারাবিশ্ব

আস্থা কমছে মোদীতে, জনপ্রিয়তায় শীর্ষে রাহুল গান্ধী (ভিডিও)


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২৯ পিএম

আস্থা কমছে মোদীতে, জনপ্রিয়তায় শীর্ষে রাহুল গান্ধী (ভিডিও)
ছবি: সংগৃহীত

ভারতে নরেন্দ্র মোদি সরকার টানা এক যুগের বেশি সময় ধরে ক্ষমতায়, অযোধ্যার রামমন্দির থেকে কাশী বিশ্বনাথ করিডর—অসংখ্য বড় প্রকল্পকে সামনে রেখে বিজেপি জনগণের মন জিতে এসেছে।

কিন্তু সর্বশেষ ‘মুড অফ দ্য নেশন’ সমীক্ষা বলছে জনমতের হাওয়া বদলাচ্ছে, প্রধানমন্ত্রী মোদির জনপ্রিয়তা আগের মতো আর উঁচুতে নেই, বরং ধীরে ধীরে কমছে। 

২০২১ সালে যেখানে তার সমর্থন ছিল ৭০ শতাংশ, ২০২৫–এ এসে তা দাঁড়িয়েছে ৫৮ শতাংশে, এটাই বিশ্লেষকদের ভাষায় দীর্ঘমেয়াদি পতনের ইঙ্গিত।  শুধু তাই নয় ফেব্রুয়ারি থেকে আগস্টের মধ্যে মাত্র ছয় মাসে এনডিএ সরকারের প্রতি সন্তুষ্টির হার কমেছে ১০ শতাংশ, এটা ক্ষমতাসীনদের জন্য বড় সতর্কবার্তা।

গণতন্ত্র নিয়ে মানুষের উদ্বেগও বেড়েছে, গত বছর ৪২ শতাংশ মানুষ মনে করতেন গণতন্ত্র বিপদের মুখে, এবার সেই সংখ্যা বেড়ে হয়েছে ৪৮ শতাংশ, মাত্র ৩৯ শতাংশ বলছেন কোনো হুমকি নেই। এর বাইরে ৪৬ শতাংশ মনে করেন কেন্দ্রীয় সংস্থা ব্যবহার হচ্ছে রাজনৈতিক স্বার্থে, ৪৩ শতাংশের মতে রাজ্যপালরা বিরোধী রাজ্যে রাজনৈতিক এজেন্ডায় কাজ করছেন। 

আর সাম্প্রদায়িক সম্প্রীতিতে আস্থার হার তিন বছরে ৫৫ শতাংশ থেকে নেমে ৩৮ শতাংশে ঠেকেছে, এই সংখ্যাগুলো স্পষ্ট করে দিচ্ছে সমাজে এক ধরনের অস্বস্তি কাজ করছে।

দুর্নীতি নিয়েও মোদি সরকারের রেকর্ড প্রশ্নবিদ্ধ হচ্ছে, ৪৭ শতাংশ মনে করছেন দুর্নীতি দমনে বিজেপি ব্যর্থ, আর এর বিপরীতে কংগ্রেসকে ৬৬ শতাংশ প্রধান বিরোধী শক্তি হিসেবে দেখতে শুরু করেছে। 

লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধীর ভাবমূর্তিও উজ্জ্বল হচ্ছে, ৫০ শতাংশ মানুষ তার কাজকে ইতিবাচক বলেছেন, ২৮ শতাংশ একে অসাধারণ মনে করেছেন, এত বড় সমর্থন রাহুলের রাজনৈতিক ভবিষ্যতের জন্য উল্লেখযোগ্য।
অর্থনীতির প্রশ্নে মোদি সরকারের প্রতি আস্থা দ্রুত কমছে। একসময় মোদি বনাম মনমোহন সিংয়ের মধ্যে ব্যবধান ছিল অনেক, কিন্তু এবার ব্যবধান প্রায় নেই। 

এই সমীক্ষা বলছে মোদি সরকারের সাফল্যের প্রতীক এখন মূলত রামমন্দির নির্মাণ ও বড় ধর্মীয় প্রকল্পগুলো, কিন্তু অর্থনীতি, কর্মসংস্থান, সাম্প্রদায়িক সম্প্রীতি, গণতান্ত্রিক মূল্যবোধে জনগণের আস্থা কমছে।

বিরোধী শক্তি হিসেবে কংগ্রেস আবার দৃঢ় হচ্ছে, আর জনমত স্পষ্টভাবে ইঙ্গিত দিচ্ছে—আসন্ন সময়ে ভারতের রাজনীতিতে মোদি সরকারের জন্য বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে।